পূর্ব শত্রুতার জের ধরে খুলনার ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. আবুল কালাম ফকিরকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
শুক্রবার দিবাগত রাত আড়াইটার সময় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এর আগে শুক্রবার রাতে মৎস্য ঘেরে যাওয়ার পথে নিজ বাড়ির কাছেই তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়। ঘটনার পরপরই জড়িত সন্দেহে কালা হাবিবসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানান, শুক্রবার গভীর রাতে নিজস্ব মৎস্য ঘেরে যাচ্ছিলেন বিএনপি নেতা আবুল কালাম। পথে উপজেলার ভান্ডারপাড়ার বাড়ির কাছেই সন্ত্রাসীরা তাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে স্বজনরা অভিযোগ করেছেন।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম জানান, আটক কালা হাবিবই তাকে পিটিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে এর সত্যতা পাওয়া গেছে।







