খালেদ মতিনের বাসনা ছিল সহপাঠী শেখ হাসিনাকে বই উপহার

বাংলাদেশের কর্মবীর কবি, গল্পকার,অনুবাদক ও প্রাবন্ধিক খালেদ মতিন এপাড় ওপাড় দুই বাংলার পএপত্রিকাতে লেখালেখি করেছেন। তার প্রকাশিত গ্রন্থাবলীর মধ্যে রয়েছে শবাধারে মমি, অমর্ত্য হরিণ, রাজভোগ, চাঁদ ও ফাহিয়েন, মহাভারতের পাখি, মহাজল, সম্রাজ্ঞার পাশে একরাত প্রভৃতি।
এছাড়াও তিনি ৮০০ সনেট লিখেছেন। এগুলোর মধ্যে ৭০০সনেট প্রকাশিত ও ১০০ অপ্রকাশিত। তিনি কোরঅানের কাব্যানুবাদও করেন। তার এই কাব্যানুবাদটি ইসলামিক ফাউন্ডেশনে প্রেরিত হলে এখানে শব্দের হিন্দুত্ব ও মুসলমানিত্বের প্রশ্ন ওঠায় তারা। ইসলামিক ফাউন্ডেশন কোন মন্ত্রণালয়ের ধর্ম না সংস্কৃতির?
বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের দেশব্যাপী কী কার্যক্রম রয়েছে? মন্ত্রণালয়ে কবি, সাহিত্যিক ও শিল্পীদের কোন তালিকা আছে? খালেদ মতিন ষাটের দশক থেকে লেখালেখি করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় হতে সর্বোচ্চ ডিগ্রী নিয়ে জীবন জীবিকার প্রশ্নে পেশা হিসাবে বেছে নেন অধ্যাপনাকে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছাত্রজীবনের সহপাঠী ছিলেন।
এই প্রচার স্বর্বস্ব আত্মপ্রচারের অনাকাঙ্ক্ষিত স্রোতে খালেদ মতিন ছিলেন প্রচারের বিপরীতে কর্মযোদ্ধার ভূমিকায়। ঢাকার সিএমএইচ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পরে সামান্য সুস্থ হলেই তিনি আবার লেখালেখি শুরু করেন। আর্থিক কারনে উন্নত চিকিৎসা করাতে পারেননি। স্বল্পমূল্যের হোমিওপ্যাথিক ওষুধ খেয়েছেন। তবে তিনি কারও কাছ হতে কোন করুণা ও অনুকম্পা নিতে পছন্দ করতেন না। তার কাছে কেউ টাকা পায় এমন নজীর নেই। চায়ের দোকানে চা খেতে বসলেও বিলটা তিনিই দিতেন।
সৎ ও সুশৃংখল জীবনের অনবদ্য উদাহরন তিনি। তার এপর্যন্ত ৭টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। আরও অসংখ্য,গল্প,কবিতা ও অনুবাদ অপ্রকাশিত রয়েছে। অসুস্থ অবস্থায় অনেকের সাথে যোগাযোগ করেছেন তার প্রকাশিত বইগুলোকে তার বিশ্ববিদ্যালয় জীবনের সহপাঠী আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পৌঁছে দিতে। গ্রন্থগুলোকে প্যাকেট করে প্রস্তুতও করেছিলেন বলে জানা যায়। পহেলা আগস্ট রাত ৮:৪০ মিনিটে ঢাকার মনোয়ারা হাসপাতালে তিনি মারা গেলেন। মৃত্যুর দুইদিন আগে রাস্তা দিয়ে হাঁটছিলেন তিনি তার চিরচেনা নেত্রকোণা শহরে। একটি বাইসাইকেল ও অটোরিকশা তাকে চাপা দিয়ে গেল।
এতে তিনি মাথায় আহত হয়ে অজ্ঞান হয়ে যান। অবস্থা গুরুতর হলে তাকে দ্রুত স্থানান্তর করা হল ঢাকার মনোয়ারা হাসপাতালে। তার এই সড়ক দুর্ঘটনার খবর কোন পত্রিকার খবর হল না। একজন কবিকে আহত করায় সড়ক অবরোধতো দূরের কথা সামান্য টু শব্দটি করল না কেউ। নিভৃতচারী কবির মৃত্যুটাও হল অতি নিভৃতেই। কোথায় ছিল নেত্রকোণার সাহিত্য ব্যক্তিত্বগণ? পিত্ঘাতক ঐশির শাস্তি মওকুফের দাবিতে নেত্রকোণার খ্যাতিমান কবি নির্মলেন্দু গুনের মানবিকতা জেগে ওঠে। আর তারই একজন সহপাঠী ও কর্মে স্বগোত্রীয় কবির সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতের ব্যাপারে কোন বোধোদয় হয়না!
আবার তিনিই কবিতা লিখেন, নেত্রকোণা আমার বোন। অথচ বোনের অপর ভাইয়ের মৃত্যুতে বিবেক জাগলো না। জাগলে তিনি খালেদ মতিনকে দেখতে ঢাকাস্থ হাসপাতালে যেতেন অথবা নেত্রকোণায় শবযাত্রায় হাজির হতেন। খালেদ মতিনের স্বজনদের সাথে কথা বলে জানা যায়, মনোয়ারা হাসপাতালে খালেদ মতিন জীবিত থাকতে কোন সাংবাদিক ও সাহিত্যিক তাকে দেখতে যাননি।
মন্ত্রীর ছাগল মরা ও ছাগল মরার নিউজের মামলা নিয়ে নিউজ হয় একজন কবির অসুস্থ হয়ে সিএমএইচে ভর্তি হওয়া ও সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার ঘটনা নিউজ হয়না! আর সংস্কৃতি মন্ত্রণালয়তো কাউকে নিয়ে মিডিয়ায় লেখালেখি হলে তাদের সাহায্য দিয়েই দায় সারে। সম্প্রতি যাত্রা শিল্পের বিবেক গৌরাঙ্গ আদিত্যকে নিয়ে চ্যানেল আই, আমাদের অর্থনীতি ও জনকন্ঠে নিউজ বেরোয়। চ্যানেল আইয়ের লেখার শিরোনাম ছিল:সাহায্যে নয় গৌরাঙ্গ আদিত্যের চিকিৎসা হোক সম্মানে’। ভেবেছিলাম সংস্কৃতি মন্ত্রণালয় তার চিকিৎসার ভার নেবে। জুটলো ১লাখ টাকার সাহায্যের ঘোষণা। অবশ্য সাহায্য এখনও গৌরাঙ্গ আদিত্যের কাছে পৌঁছোয়নি। আবেদন জমা পড়েছে। মন্ত্রীকে সুপারিশ করেছেন একজন জাতীয় সাংস্কৃতিক নেতা।
মন্ত্রী বাজেট স্বল্পতার কথা বলে ১লাখ টাকার কথা বলেছেন। এই ১লাখ টাকায় চিকিৎসা হবে কি হবেনা তা বুঝি বিবেচ্য নয়। সাহায্য নিয়ে পরে পারলে মরে গেলে মরে যাক বিষয়টা তানয় কি? গৌরাঙ্গ আদিত্য বেসরকারি স্কয়ার হাসপাতালে ভর্তি কেন? কেন সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সরকারি হাসপাতালে নয়? আর মন্ত্রী মহোদয় কি তাকে দেখতে গেছেন? বিশিষ্ট কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ জীবদ্যশায় দেশ টিভির কাছে সম্মানী বঞ্চিত হয়ে মুখ খুলেছিলেন। দেশ টিভির কর্ণধার আজকের মন্ত্রী আসাদুজ্জাৃমান নূর তখন সেটাকে অনুজের প্রতি অগ্রজের অভিমান বলে পাশ কাটিয়েছিলেন।
সংস্কৃতি মন্ত্রণালয় থাকা পরও সংস্কৃতি কর্মীরা যখন প্রধানমন্ত্রীর ও সমাজের ধনাঢ্য ব্যক্তিদের দান নিতে বাধ্য হয় তখন এ মন্ত্রণালয়টির ব্যর্থতা ঢাকার আর কোন আবরণ থাকেনা। কবি খালেদ মতিনের মৃত্যুতে মন্ত্রীর দপ্তরের কোন শোকবার্তা নেই। নাকি অসুস্থতার সাহায্যের মত শোকবার্তার জন্যও দরখাস্ত করতে হয়? পুরস্কারগুলোও আবেদন করে চেয়ে নিতে হয়। সুতরাং এগুলি কি পুরস্কার না আবেদন মঞ্জুরি? সড়ক দুর্ঘটনায় নিহত কবি খালেদ মতিন কোন কিছু চেয়ে নেবার লোক ছিলেন না। তার এই সড়ক দুর্ঘটনার দায় কি সড়ক মন্ত্রীরও নয়?
নেত্রকোণা শহরের সড়কগুলো যেন মৃত্যুকূপ। সোশ্যাল মিডিয়ায় এর প্রত্যক্ষদর্শীরা লিখেছেন বিগত ৪০ বছরের ইতিহাসে এরকম ঝুঁকিপূর্ণ জনচলাচল হয়নি নেত্রকোণায়। এই ঝুঁকিপূর্ন জনচলাচলের জন্যই কবি খালেদ মতিনের মৃত্যু হয়েছে। শহরের ভেতরে রিকশা,অটো কোনটাই চলার উপযোগী নয়। পায়ে হেঁটে চলাও ঝুঁকিপূর্ণ।
একজন অসুস্থ কবি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে নিহত হলে সেটা বুঝি কারও নজরে পড়ার বিষয় নয়! প্রচার স্বর্বস্ব এই সময়ে প্রচারেও প্রচার চায়। মানে আমি প্রচার করব আর প্রচারের বাহবা নেবনা তা কি হয়? বাহবাটা পেতে হলেও তো তা প্রচারের প্রয়োজন। এমনই একটি প্রচার স্বর্বস্ব সময়ে জন্মেছিলেন প্রচার বিমুখ কবি খালেদ মতিন।
তিনি তার ভূমিদস্যূ কবিতায় লিখেছেন: আমার কবরে আজ মাটি ফেলা হবে/বললাম,দাও আরও কিছুটা সময়/সে বলল,যা হুকুম,কোন কথা নয়/জলদি কর্,এই তোরা দেখিস কি তবে/শুরু হয় মাটি ফেলা আমি চেয়ে দেখি/গত চৌদ্ধ পুরুষের ভিটা তবু হায়, যায় যাক/কিবা আছে বলার উপায় /বলবান যারা সত্য আমি আজ মেকী/কার জায়গা কার,কার মাটি কার/এ শহর রাক্ষুসে নগরী /তার মিটেনাতো ক্ষুধা/সাক্ষী থেকো হে ধরিত্রী/হে প্রিয় বসুধা আমার ভিটেতে ওঠে আমার কবর/মাটির উপরে মাটি, তার ওপর স্তুপিত /মাটির নিচে আমি আজ খাঁটি।
(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)



