খালেদা জিয়া ক্ষমতায় গেলে বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করবেন এবং আবারো ইতিহাস বিকৃত করবেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
শনিবার কুষ্টিয়া সার্কিট হাউজে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ইনু বলেন, খালেদা জিয়া তার ভিশন ২০৩০ এ অনেক কিছু সুকৌশলে এড়িয়ে গেছেন। স্বাধীনতার ঘোষণা, জাতির পিতা শেখ মুজিবুর রহমান, ২৫ মার্চের কালো রাত, যুদ্ধাপরাধী, সশস্ত্র জামায়াত ও জঙ্গিবাদীদের সঙ্গে সর্ম্পক ত্যাগের ব্যাপারে তিনি কিছু বলেননি।
যেহেতু খালেদা জিয়া অতীত দুষ্কর্ম সম্পর্কে ভুল স্বীকার করেননি সেহেতু তার রাজনৈতিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
এসময় জেলা জাসদ সভাপতি গোলাম মহাসিন, জাসদের উপদেষ্টা পরিষদের সদস্য মো. আব্দুল্লাহসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।







