আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব টেলিফোনে আমার সাথে কথা বলেছেন। বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়ে আলোচনা করেছেন। প্রধানমন্ত্রীকে মৌখিকভাবে জানাতে বলেছেন। আমি প্রধানমন্ত্রীকে জানিয়েছি।
তিনি বলেন: আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে গতকাল জিজ্ঞেস করেছি। আইনমন্ত্রীর সাথে কথা বলেছি। তারা বিচ্ছিন্নভাবে পরিবারের লোকজন দলের লোকজনের সাথে বেগম জিয়ার মুক্তির বিষয়ে কথা বলছেন। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত আবেদন আসেনি।
ওবায়দুল কাদের বলেন: বেগম জিয়ার মামলাটি রাজনৈতিক মামলা নয়। সরকারের বিবেচনার বিষয় তখনই আসে, যখন রাজনৈতিক বিবেচনার বিষয় হয়। কিন্তু বেগম জিয়ার এ মামলাটি দুর্নীতির মামলা। রাজনীতির মামলা হলে সরকারের পক্ষে বিবেচনার বিষয় ছিলো। দুর্নীতির মামলা আদালতের।
আর প্যারোলের বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করতে পারেন। তবে প্যারোলে মুক্তির জন্য এখনও কোনো লিখিত আবেদন আসেনি।
সেতুমন্ত্রী বলেন: বিএনপি প্যারোলের জন্য আবেদন করলে কী কী কারণে প্যারোল চান তা আবেদনে উল্লেখ করতে হবে। সেটা নিয়মের মধ্যে পড়ে কিনা তাও দেখতে হবে।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন: মেডিকেল বোর্ড যে রিপোর্ট দেবে তা আদালতের কাছে পৌঁছাতে হবে। খালোদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নেতারা যেভাবে বলেন দায়িত্বরত ডাক্তাররা সেভাবে বলেন না। খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে সরকার এতটা অমানবিক আচরণ করবে না।
ভালোবাসা দিবসে বিএনপিকে উদ্দেশ্য করে কর্ম সম্পর্কের সেতু নির্মাণের বার্তা নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন: নেতিবাচক রাজনীতি পরিহার করে আসুন আমরা সংশয়, সন্দেহ, বিদ্বেষের দেয়াল ভেঙে সমঝোতার সেতু রচনা করি। ভালোবাসার সঙ্গে রক্ত মিশে আছে, স্মৃতির পাতায়। আমরা চাই দেশের রাজনীতিতে সুন্দর কর্ম সম্পর্ক পরিবেশ গড়ে উঠুক। অন্ধ বিদ্বেষ, আক্রোশের রাজনীতির দেয়াল ভেঙে আমরা যেন কর্ম সমঝোতার একটা সুন্দর সেতু নির্মাণ করতে পারি, দেশের রাজনীতিতে ইতিবাচক সুবাতাস বইয়ে দিতে পারি- সেটাই আজকের দিনে প্রত্যাশা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, অ্যাডভোকেট আফজাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড.আবদুস সোবহান গোলাপ, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর ও উপদফতর সম্পাদক সায়েম খানসহ অনেকে।







