খালেদা জিয়ার বিরুদ্ধে হওয়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারিক আদালত পরিবর্তনের আদেশ দিয়েছেন হাইকোর্ট। আদালত পরিবর্তন চেয়ে খালেদা জিয়ার করা আবেদন নিষ্পত্তি করে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এই আদেশ দেন।
এখন এই মামলাটি আবু আহমেদ জমাদারের আদালত থেকে বিশেষ জজ আদালত ৫ এ স্থানান্তরের আদেশ এলো বলে জানিয়েছেন আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া।
আদালতে খালেদার পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া ও ফারহানা শারাফাত। অপর পক্ষে ছিলেন আইনজীবী খুরসিদ আলম খান।
গত ১৫ মে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এই মামলার আদালত পরিবর্তন চেয়ে হাইকোর্টে আবেদন করেন। বর্তমানে মামলাটি বিচারিক আদালতে আত্মপক্ষ সমর্থন পর্যায়ে রয়েছে।
এই মামলার বিবরণী থেকে জানা যায়, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে আসা ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় এই মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
খালেদা জিয়া ছাড়া এই মামলার অন্য চার আসামি হলেন তার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তখনকার সহকারী একান্ত সচিব, বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।
মামলার তদন্ত কর্মকর্তা হারুন অর রশিদ ২০১২ সালের ১৬ জানুয়ারি খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। পরের বছরের ১৯ মার্চ অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়।







