জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় হাজিরা শেষে সড়কে ব্যাপক শোডাউন শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তার মামলার পরবর্তী শুনানি আগামী ১০ ও ১১ জানুয়ারি।
বৃহস্পতিবার বিকেল ৩টায় পুরান ঢাকার বকশিবাজারের আলীয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালত থেকে বের হন খালেদা জিয়া। এসময় হাইকোর্ট মাজার গেটের সামনে থেকে শুরু করে হোটেল রুপসী বাংলা পর্যন্ত আইনশৃংখলা বাহিনীর সামনেই ব্যাপক শোডাউন করেছে বিএনপির নেতাকর্মীরা।
পথে পথে মিছিল আর স্লোগানে হাজার হাজার নেতাকর্মী গাড়িবহরে যুক্ত হওয়ায় যে সড়ক দিয়ে বেগম জিয়া গুলশানের দিকে অগ্রসর হচ্ছিলেন সেসব সড়কে যানচলাচল বন্ধ হয়ে পড়ে।

এর আগে বেলা ১১টা ৩৫ মিনিটে পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতে আসেন বিএনপি চেয়ারপার্সন। এরপর সপ্তম বারের মতো এজে মোহাম্মদ আলী খালেদা জিয়ার পক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেন।
বিচারক ড. আখতারুজ্জামানের আদালতে জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল মামলা দু’টির বিচার চলছে। আগামী ১০ ও ১১ জানুয়ারি বেগম খালেদা জিয়ার মামলার পরবর্তী শুনানি ধার্য করেছে আদালত।








