বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাফটকে গেছেন বিএনপির সিনিয়র নেতারা। বুধবার দুপুরে তারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান।
মঙ্গলবার বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে জেলখানায় দেখা করার অনুমতি পেয়েছেন বিএনপির সিনিয়র নেতারা।
বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য জানান।
এর আগে গত রোববার কারাবন্দী খালেদা জিয়ার সাথে দেখা করতে না পেরে ফিরে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের কয়েকজন অধ্যাপক।
গত ৮ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন আদালত। ওই মামলায় খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানসহ অপর পাঁচ আসামিকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়। জরিমানা করা হয় ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা। আদালত দণ্ড দেয়ার পর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারে রাখা হয়েছে।







