কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুর এলাকায় যাত্রীবাহী নৈশকোচে পেট্রোল বোমা হামলায় ৮ জন যাত্রী হত্যা মামলায় কুমিল্লার আদালতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দুপুর সাড়ে ১১টা পর্যন্ত কুমিল্লার আদালতে উপস্থাপন না করায় রাষ্ট্রপক্ষের কাছে ব্যাখ্যা চেয়েছেন আদালত। বিকেল তিনটার মধ্যে এ ব্যাখ্যা দিতে হবে এবং ওই সময়ে খালেদা জিয়ার জামিন শুনানি হবে।
কুমিল্লার ৫নং আমলী আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক কাজী আরাফাত বুধবার এ আদেশ দেন বলে খালেদা জিয়ার আইনজীবী কাইমুল হক রিংকু ও কাজী নাজমুস সাদাত জানান।
ঢাকার কারাগারে থাকা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে উপস্থাপনের জন্য জারি করা প্রজেকশন ওয়ারেন্ট প্রত্যাহার ও জামিন আবেদনের শুনানি ২৮ মার্চ নির্ধারণ করেছিল আদালত। কুমিল্লার ৫নং আমলী আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক মো: মুস্তাইন বিল্লা ওই আদেশ দিয়েছিলেন।
খালেদা জিয়ার আইনজীবী কাইমুল হক রিংকু ও কাজী নাজমুস সাদাত জানান: ‘বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে থাকা গ্রেপ্তারি পরোয়ানায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিলেন ঢাকার গুলশান থানার একজন কর্মকর্তা। আদালত সেটি গ্রহণ করে পিডব্লিও ইস্যু করে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে আদালতে উপস্থিত করার নির্দেশনা দেন। সেই প্রজেকশন ওয়ারেন্ট প্রত্যাহার ও খালেদা জিয়ার জামিনের জন্য গত ১৩ মার্চ আমরা আবেদন করি।’
তারা জানান: প্রজেকশন ওয়ারেন্ট প্রত্যাহার ও জামিনের আবেদন কোনটাই খারিজ না করে শুনানির জন্য ২৮ মার্চ নির্ধারণ করেছিল আদালত। বুধবার ২৮ মার্চ মামলার ধার্য দিন। এর আগে ১২ মার্চ সোমবার কুমিল্লার ৫নং আমলী আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক মো: মুস্তাইন বিল্লা খালেদা জিয়ার বিরুদ্ধে থাকা গ্রেপ্তারি পরোয়ানায় তাকে গ্রেপ্তারের আবেদন গ্রহণ করে ২৮ মার্চ আদালতে হাজির করার পরোয়ানা জারি করেন।
একই দিন বিকাল সাড়ে তিনটায় প্রজেকশন ওয়ারেন্ট কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পৌঁছে দেয়া হয়েছে বলে জানিয়েছিলেন কুমিল্লার আদালতের পরিদর্শক সুব্রত ব্যানার্জি।








