অন্যান্য

খালেদার মামলা স্থগিতের আবেদন হাইকোর্টে নাকচ

খালেদার মামলা স্থগিতের আবেদন হাইকোর্টে নাকচ

জিয়া ট্রাস্ট দুর্নীতি মামলা স্থগিত চেয়ে বিএনপি সভানেত্রী খালেদা জিয়ার করা আবেদন নাকচ করে দিয়েছেন উচ্চ আদালত।

রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের বেঞ্চ এই আদেশ দেন। এর ফলে মামলার কার্যক্রম চালিয়ে নিতে কোনো আইনি বাধা থাকল না

এর আগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তদন্ত কর্মকর্তাকে নতুন করে জেরার আবেদনও করেছিলো বিবাদীরা। সেই আবেদনও নাকচ হয়ে যায় উচ্চ আদালতে। 

আগামী ১৯ মে ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতে এ দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য করা হয়েছে।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হওয়ার পর ১৭ই এপ্রিল বেগম খালেদা জিয়ার আইনজীবীরা মামলার তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণকে ত্রুটিপূর্ণ আখ্যা দিয়ে শুনানি মুলতবি করার আবেদন করেন। সাক্ষ্যগ্রহণ সঠিক ছিলো উল্লেখ করে ওই আবেদন নামঞ্জুর করেন আদালত। এরপর খোদ তদন্ত কর্মকর্তা নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন তোলে মামলার কার্যক্রম পিছিয়ে দেয়ার আবেদন করে আসামীপক্ষ। দুইপক্ষের দীর্ঘ শুনানির পর আদেশ দেন আদালত। 

ওই আদেশ বাতিল চেয়ে পরদিন হাই কোর্টে দুটি আবেদন করেন বিএনপি চেয়ারপারসন, যা ১৯ এপ্রিল অবকাশকালীন একটি বেঞ্চে উপস্থাপন করেন তার আইনজীবীরা।

১৯ এপ্রিল খালেদার আইনজীবীরা জানান, তদন্ত কর্মকর্তাকে পুনরায় জেরা এবং তদন্ত নথি (কেস ডকেট) প্রদান ও দেখানোর আবেদন খারিজ করে বিচারিক আদালতের দেওয়া আদেশ বাতিল এবং মামলার কার্যক্রম স্থগিত চেয়ে আলাদা দুটি আবেদন করেছেন তারা। সেই আবেদনই এবার খারিজ করে দিলেন উচ্চ আদালত।

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ গ্রহণ ও খরচ করার অভিযোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ ৪ জনের বিরুদ্ধে ২০১১ সালে মামলা করে দুর্নীতি দমন কমিশন।

২০১৪ সালের ১৯ মার্চ আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেন তৃতীয় বিশেষ জজ আদালত। এরপর দুদকের পক্ষে মামলায় সাক্ষ্য দিয়েছেন ৩২ জন। সর্বশেষ সাক্ষী মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হারুন অর রশীদ সাক্ষ্য দেয়ার পর তাকে কয়েকটি কার্যদিবসে জেরা করে আসামিপক্ষ। সেই জেরা শেষ হয় গত ৩১ মার্চ।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…