দুদকের দায়ের করা গ্যাটকো দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা দু’টি আবেদনই খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
এই মামলায় তাঁর জামিন বাতিল করে ২ মাসের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে।
বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামান ও বিচারপতি আব্দুর রবের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এই রায় দেয়।
২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় যখন দুটি মামলার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হলেছিলো তখনই এর বিরুদ্ধে আবেদন করা হয়েছিলো। তখন এই মামলা স্থগিত করে খালেদা জিয়াকে জামিন দেওয়া হয়েছিলো এবং রুল জারি করা হয়েছিলো।
দীর্ঘদিন রুলের শুনানি শেষে আজ আদালত বলেছেন, এই মামলায় যেসমস্ত প্রমাণ পাওয়া গেছে তাতে এই অপরাধের বিরুদ্ধে রিট পিটিশনের মাধ্যমে চ্যালেঞ্জ করার কোনো এখতিয়ার নেই।
আদালত আরো বলেছেন, এই মামলায় কতটুকু অপরাধ আছে তা নিম্ন আদালতেই দেখা সম্ভব। এই সব যুক্তিতেই খালেদা জিয়ার রিট আবেদন খারিজ করে দেওয়া হয়েছে।
এই রায়ের ফলে বেগম জিয়ার জামিন বাতিল হয়ে গেছে এবং রায়ের লিখিত কপি পাওয়ার দুই মাসের মধ্যে বিশেষ আদালত তিন তাকে আত্মসম্পর্নন করতে বলা হয়েছে। হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করতে পারেন খালেদা জিয়ার আইনজীবীরা।
দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী ২০০৭ সালের সেপ্টেম্বরে এই মামলা দায়ের করেন।






