ভারতের রাজস্থানে ট্রাক্টর রেস দেখতে কয়েকশ’ মানুষ টিনের চালে ওঠায় সবাইকে নিয়ে সেই চাল ভেঙে পড়ে কমপক্ষে ১৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এদের মধ্যে ৭ জনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে এনডিটিভি জানায়, রোববার সকালে রাজস্থানের শ্রী গঙ্গানগর জেলার পদ্মাপুর এলাকায় ট্রাক্টর রেস দেখতে ৫ হাজারেরও বেশি মানুষ জড়ো হয়। পদ্মাপুরের আনাজ মন্ডিতে প্রতি বছর হওয়া ঐতিহ্যবাহী মেলারই একটি অংশ এই প্রতিযোগিতা।
প্রতিযোগিতার মাঠের আশপাশে বসা ও দাঁড়ানোর জায়গা ছাড়াও ‘রেস দেখা যাচ্ছে না’ বলে বিশাল দর্শক ছাউনির ওপর উঠে বসে কয়েকশ’ মানুষ।
প্রতিযোগিতা শুরু হতে না হতেই এত লোকের ভার সইতে না পেরে হঠাৎই লোকজনসহ ভেঙে পড়ে ছাউনি। ওই সময় ছাউনির নিচেও অসংখ্য মানুষ ভিড় করে রেস দেখছিল। ঘটনার সময় মাঠের উল্টো দিক থেকে ধারণ করা মোবাইল ভিডিওতেও টিনের চাল ভেঙে পড়ার দৃশ্য দেখা যায়।
টিনের চাল ভেঙে পড়ার ফলে পুরো এলাকায় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। লোকজন প্রাণভয়ে ছুটোছুটি শুরু করলে ধাক্কাধাক্কি ও পদদলিত হয়েও অনেকে আহত হয়।
শ্রী গঙ্গানগর পুলিশ সুপারিনটেন্ডেন্ট যোগেশ যাদব আহতের সংখ্যা জানিয়ে নিশ্চিত করেন, এ দুর্ঘটনায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। গুরুতর আহত ৭জন ছাড়া বাকি ১০ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
প্রতিযোগিতা আয়োজনের আগে আয়োজকরা স্থানীয় প্রশাসন থেকে অনুমতি নেয়নি বলে স্থানীয় সূত্র থেকে জানিয়েছে এনডিটিভি। এখন প্রশ্ন উঠেছে, অনুমতি না নিয়ে থাকলে স্থানীয় প্রশাসন কেন হাজারো মানুষের অংশগ্রহণে এই ট্রাক্টর রেস হতে দিলো।
ভিডিওটি দেখুন এখানে:










