মাঠের পারফরম্যান্স কয়েক মৌসুম ধরেই যাচ্ছেতাই। মৌসুমের মাঝপথেই নিশ্চিত এবার তেমন একটা সম্ভাবনা নেই শিরোপা জেতার! প্রিয় ম্যানচেস্টার ইউনাইডের এমন করুণ অবস্থা মেনে নিতে কষ্ট হচ্ছে সমর্থকদের। একদল সমর্থক তো ক্লাবের সহ-সভাপতি এড উডওয়ার্ডকেই নষ্টের মূল হোতা ধরে বসেছে! হতাশা থেকে সৃষ্ট ক্ষোভে তারা ওই কর্মকর্তার বাড়িতে হামলা চালিয়েছে বসেছে।
দ্য মিররের প্রতিবেদন, মঙ্গলবার উডওয়ার্ডের চেশায়ারের বাড়িতে হামলা চালায় ২০ থেকে ৩০ জনের মুখোশধারী একদল উগ্র সমর্থক। ভিডিওতে বাড়ির বাগানে ফ্লেয়ার ছুঁড়ে মারতে দেখা যায় একজনকে। একদলকে গাইতে শোনা গেছে, ‘তুই মরছিস!’
হামলার সময় যদিও বাড়িতে ছিলেন না উডওয়ার্ড বা পরিবারের কেউ।
ভাইস-চেয়ারম্যানের বাড়িতে হামলার প্রতিবাদে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে ম্যানইউ। জড়িতদের ক্লাব থেকে আজীবন নিষিদ্ধ করার হুমকি দিয়েছে, ‘ভক্তদের নিজ মন্তব্য প্রকাশ এক জিনিস আর অপরাধ যোগ্য কর্মকাণ্ড, অন্যের সম্পত্তি নষ্ট, জানমালের ক্ষতি করা সম্পূর্ণ আরেক বিষয়। এমন হামলার পেছনে কোনো অজুহাত থাকতে পারে না।’
কয়েক সপ্তাহ ধরেই ম্যানইউ ভক্তদের ক্ষোভের কেন্দ্রে ছিলেন উডওয়ার্ড। ২০০৫ সালে ম্যানচেস্টার ইউনাইটেড কিনে নেয়া গ্লেজার পরিবারের পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। ক্লাবের বর্তমান দুরবস্থার জন্য তাকে দায় দিচ্ছে সমর্থকরা। সবশেষ বার্নলি ও এফএ কাপে ট্রানমেরে ক্লাবের বিপক্ষে ম্যাচে তাকে দুয়ো দিয়েছে সমর্থকরা। তাকে এবং গ্লেজার পরিবারকে ম্যানইউ ছেড়ে দেয়ার দাবী জানিয়েছে।
প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে থাকা রেড ডেভিলদের শিরোপা জয়ের কোনো সম্ভাবনা নেই। টেবিলের শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ৩৩।










