ক্ষুধার্ত সিরিয়ায় খাদ্য নিয়ে প্রবেশ করেছে জাতিসংঘের ত্রাণবাহী গাড়িবহর। লেবানন সীমান্তবর্তী দেশটির মাদায়া শহরে প্রথম প্রবেশ করে ওই গাড়ির বহর।
প্রায় ৪০ হাজার মানুষের এই শহর গত ছয় মাস ধরে সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। গত বছরের জুলাইতে লেবানিজ মিত্র হিজবুল্লাহর সাহায্যে মাদায়া নিজেদের দখলে নেয় সিরিয়ান সরকার।
জাতিসংঘ জানিয়েছিলো তাদের কাছে বিশ্বাসযোগ্য খবর রয়েছে এই শহরে মানুষ না খেয়ে মারা যাচ্ছে। এরপর গণমাধ্যমে খবর বের হয় মাদায়ার প্রায় ৪০ হাজার মানুষ ক্ষুধা নিবারণে বেড়াল, কুকুর ও ঘাস খাচ্ছে।
এছাড়া একই সময়ে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে ইদলিব প্রদেশেও একটি গাড়িবহর গেছে। ফোয়াহ ও কেফায়া এলাকার অবস্থা খুব খারাপ বলে মনে করা হচ্ছে। এখানে প্রায় ২০ হাজার মানুষ গত মার্চ থেকে অবরুদ্ধ হয়ে আছে।
এদিকে, নিউজিল্যান্ডের জাতিসংঘ দূতের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে সিরিয়ার অবরুদ্ধ মাদায়া শহরের অন্তত ৪০০ জন মানুষকে চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া প্রয়োজন।
জেরার্ড ভ্যান বোহেমেন জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের বৈঠকের পরে এই কথা বলে। নিরাপত্তা পরিষদে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এই শহরের সংকট নিয়ে আলোচনা হয়।
জাতিসংঘের সদর দপ্তরে তিনি বলেন, অন্তত ৪০০ বাসিন্দাকে জরুরি ভিত্তিতে মাদায়া থেকে সরিয়ে নিতে হবে। তাদের সেখান থেকে নিয়ে আসতে অবশ্য সিরীয় সরকারের অনুমতি প্রয়োজন।






