লিগে দুই দলের পয়েন্ট ব্যবধান ১১! হারলে দাঁড়াবে ১৪তে। লা লিগার শিরোপা ধরে রাখাটা হবে আরও দূরের স্বপ্ন। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার আগেই তাই ঘুরে দাঁড়াতে চাইছেন সার্জিও রামোস। শনিবারের এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে হারিয়ে শিরোপা দৌড়ে নিজেদের অবস্থানটা জোড়াল করতে চান দলটির অধিনায়ক।
লা লিগায় ১৬ ম্যাচে ৪২ পয়েন্টে টেবিলে শীর্ষে বার্সা। এক ম্যাচ কম খেলে ৩১ পয়েন্টে রিয়াল আছে টেবিলের চারে। নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়েও ছয় পয়েন্টে পিছিয়ে লস ব্লাঙ্কোসরা।
তাই শিরোপা স্বপ্ন হাতছাড়া হওয়ার আগেই লাগাম ধরতে চাইছেন রামোস। অতীতের যেকোনো পরিস্থিতির চাইতে এবারের এল ক্লাসিকো যে বেশি গুরুত্বপূর্ণ সেটাই মেনে নিচ্ছেন রিয়াল অধিনায়ক।
‘অতীতের যেকোনো সময়ের চেয়ে এবারের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। লা লিগা জিততে চাইলে এল ক্লাসিকোতে জয়টা আমাদের দরকার।’
‘এল ক্লাসিকো দারুণ একটি ম্যাচ। এ ম্যাচের বর্ণনা ভাষায় প্রকাশ করা যাবে না।’ জয়ের পাশাপাশি ম্যাচের আবেদনগত গুরুত্বটা এভাবেই তুলে ধরেন রামোস।







