ক্রসফায়ারের স্ক্রিপ্ট বদলান

মাদারীপুরের সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের গণিত বিভাগের প্রভাষক রিপন চক্রবর্তী হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার ও পুলিশের রিমান্ডে থাকা ফাইজুল্লাহ ফাহিম শুক্রবার দিবাগত রাতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।
এই কথিত বন্দুকযুদ্ধের নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সিলেটটুডে২৪ডটকমের প্রধান সম্পাদক কবির য়াহমদ।
তিনি লিখেছেন, ‘জঙ্গিদের যখন আদালতে নেওয়া হয় তখন দেখা যায় তাদের গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট, মাথায় হ্যালমেট। আদালতে নেওয়ার সময়ে নিরাপত্তার জন্যে এসব করা হয়। আর কথিত অস্ত্র উদ্ধার ও সহযোগিদের গ্রেপ্তার অভিযানেও নিশ্চয়ই এমন ব্যবস্থা কিংবা এরচেয়ে অধিক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়। তবু বন্দুকযুদ্ধ হয় বলে দাবি করে পুলিশ, আর সে সব বন্দুকযুদ্ধে একপ্রকার নিশ্চিতভাবেই অভিযুক্ত ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
জঙ্গি সন্দেহে আটক ফাহিম সে রকমই এক অভিযানে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। পুলিশের দাবি বুকের বাম পাশে গুলি লেগেছে, অথচ পুরো বুকটাই ত সুরক্ষিত থাকার কথা বুলেফপ্রুফ জ্যাকেটে!
প্রশাসনকে বলি নাটকের স্ক্রিপ্ট বদলান, একই ধরনের নাটকের খবরে অরুচি ধরে গেছে!






