কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে পালানোর সময় কক্সবাজার-টেকনাফ সড়কের পাশে উখিয়া সদরে পুলিশ চেকপোস্টে ১৩৬ জন রোহিঙ্গাকে আটক করেছে উখিয়া থানা পুলিশ।
সোমবার ভোরে উখিয়া থানার সামনে পুলিশ চেকপোস্ট বসিয়ে তাদের আটক করার বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানা অফিসার ইনচার্জ আহম্মেদ সনজুর মোরশেদ।
আটককৃত সবাই উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। পরে আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে ট্রানজিট ক্যাম্পে পাঠানো হয়েছে৷ আটককৃতদের মধ্যে অধিকাংশই নারী। তাদের সাথে স্থানীয় ৬ দালালকে আটক করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানা অফিসার ইনচার্জ আহম্মেদ সনজুর মোরশেদ বলেন, উখিয়া বাজারের আশপাশে অভিযান চালিয়ে ক্যাম্প ছেড়ে বিভিন্ন জায়গা যাওয়ার সময় ১৩৬ জন রোহিঙ্গােকে আটক করা হয়৷ পরে তাদেরকে আইনি প্রক্রিয়া শেষে ট্রানজিট ক্যাম্পে স্থানান্তর করা হয়েছে৷ অভিযান অব্যাহত থাকবে।
কক্সবাজারের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম জানিয়েছেন, ‘আটক দালালরা বলেছেন বিভিন্ন প্রলোভন দিয়ে তারা এসব রোহিঙ্গাদেরকে ক্যাম্প থেকে বের করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন শহরে নিয়ে যায়। এরপর রোহিঙ্গা নারীদের দিয়ে দেহ ব্যবসাসহ নানা রকম খারাপ কাজে ব্যবহার করে। পুরুষদের বিভিন্ন কাজে কমিশনের মাধ্যমে টাকা আদায় করা হয়।’







