দুই স্বামীর মাঝে ক্যামেরাবন্দী হলেন বলিউড তারকা বিদ্যা বালান। নাহ, দুজনেই বাস্তব জীবনের স্বামী নন। একজন বড় পর্দার স্বামী আরেকজন সত্যিকারের স্বামী।
‘তুমহারি সুলু’ ছবিতে বিদ্যার স্বামীর চরিত্রে অভিনয় করছেন মানব কৌল। বিদ্যার জীবন সঙ্গী সিদ্ধার্থ রায় কাপুর এবং মানব কৌলকে দুই পাশে বসিয়ে মজার এই ছবিটি তোলেন বিদ্যা। ‘তুমহারি সুলু’ ছবির একটি গেট টু-গেদার অনুষ্ঠানে ছবিটি তোলা হয়। গেট টু-গেদার পার্টিতে উপস্থিত ছিলেন পুরো ছবির টিমের সব সদস্য।
‘তুমহারি সুলু’ ছবিতে বিদ্যা বালানের চরিত্রটি বেশ মজার। তিনি এই ছবিতে একটি লেট নাইট অ্যাডাল্ট শোয়ের রেডিও জকির ভূমিকায় অভিনয় করছেন। ছবিতে তার চরিত্রের নাম সুলোচনা। সুলোচনার জীবন নিয়েই গল্পের কাহিনী গড়ে উঠেছে। এর আগেও অবশ্য রেডিও জকির চরিত্রে দেখা গিয়েছিল বিদ্যাকে। রাজকুমার হিরানি পরিচালিত ‘লাগে রাহো মুন্না ভাই’ ছবিতেও একজন রেডিও জকির ভূমিকায় অভিনয় করেছিলেন বিদ্যা। বেশ মানিয়েছিল তাকে সেই চরিত্রে। তাই এই ছবিতেও বিদ্যাকে রেডিও জকির চরিত্রে ভক্তরা বেশ ভালোভাবে গ্রহণ করবে বলেই আশা করছেন ছবির পরিচালক সুরেশ ত্রিবেণী। ইন্ডিয়ান এক্সপ্রেস।







