অতঃপর শুটিং ফ্লোরে দেখা মিলল বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা ইরফান খানের। সম্প্রতি সুস্থ চেহারায় মুম্বাই এয়ারপোর্টে দেখা মিলেছিল তার। যেখানে তার ওজন দেখে কিছুটা কম মনে হলেও চেহারায় অসুস্থতার ছাপের দেখা মেলেনি।
আর এবার তিনি শুটিংয়ে নেমেছেন তার পরবর্তী সিনেমা ২০১৭ সালে মুক্তি প্রাপ্ত ‘হিন্দি মিডিয়াম’ এর সিক্যুয়াল নিয়ে। সিনেমাটির নাম ‘ইংরেজি মিডিয়াম’। আজ শুক্রবার সকালে টুইটারে একটি ছবি শেয়ারের মাধ্যমে ছবিটির পরিচালক শুটিং শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আসন্ন এই ছবিতে ইরফান খানের বিপরীতে দেখা যাবে কারিনা কাপুরকে। যেখানে কারিনা কাপুর একজন পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করবেন।
গত বছর ইরফান খান ‘নিউরোএন্ডোক্রাইন টিউমার’ নামক রোগে আক্রান্ত হয়েছিলেন। এরপর দীর্ঘদিন তিনি যুক্তরাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। সম্প্রতি এই অভিনেতা সুস্থ হয়ে নিজ দেশে ফিরেছেন।







