শতবর্ষী কোপা আমেরিকার শেষ আটে জায়গা করে নিতে ব্রাজিলের সামনে পেরু। দু’দলেরই পয়েন্ট সমান। জিতলেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত। ড্র হলেও সুযোগ থাকছে।
এমন সমীকরণ সামনে রেখে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পেরুর মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল। সমীকরণ বলাটা ভুল হবে! কারণ তার আগেই যদি ‘বি’ গ্রুপের অপর ম্যাচে হাইতির বিপক্ষে ইকুয়েডর জয় না পায় তবে ব্রাজিল-পেরু ম্যাচটি রূপ নেবে শীর্ষস্থান দখলের লড়াইয়ে।
যু্ক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে বাংলাদেশ সময় সোমবার (১৩ জুন) সকাল সাড়ে ৬টায় ব্রাজিল-পেরু ম্যাচটি শুরু হবে। একই দিন ভোর সাড়ে ৪টায় হাইতির বিপক্ষে মাঠে নামবে ইকুয়েডর।পয়েন্ট টেবিলে দুই ম্যাচ শেষে এক জয় ও এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল।
সমান পয়েন্টে গোল ব্যবধানে পিছিয়ে থাকা পেরু দুইয়ে। তিনে থাকা ইকুয়েডরের সংগ্রহ দুই ড্রয়ে ২ পয়েন্ট। এখনো জয়ের দেখাই পায়নি হাইতি। ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে শতবর্ষী কোপা আমেরিকা মিশন শুরু করে নেইমারবিহীন ব্রাজিল। তবে পরের ম্যাচেই দুর্দান্তভাবেই ঘুরে দাঁড়ায় কার্লোস দুঙ্গার শিষ্যরা। হাইতিকে ৭-১ গোলে বিধ্বস্ত করেই ‘স্বরূপে’ ফেরে সেলেকাওরা। দুর্দান্ত হ্যাটট্রিক উল্লাসে মাতেন লিভারপুল তারকা ফিলিপে কৌতিনহো।
অন্যদিকে, পেরু জিতলে তাদের সম্ভাবনা থাকবে কোয়ার্টার ফাইনাল খেলার। ব্রাজিলের সাথে মুখোমুখি লড়াইয়ে ৪২ দেখায় মাত্র ৩টি জয়ের বিপরীতে ৩০টি ম্যাচে হারতে হয়েছে তাদের। বাকি ৯টি ম্যাচ হয়েছে ড্র। আর, কোপায় ১৬ বারের দেখায় ১১ বারই পেরুভিয়ানদের পেতে হয়েছে হারের স্বাদ।







