আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে আজ মঙ্গলবার রাতে মুখোমুখি হচ্ছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সুরেশ রায়নার গুজরাট লায়ন্স।
গত ৮টি আইপিএলের আসরের শেষ পাঁচটি আসরে লিগ পর্বে দ্বিতীয় স্থানে থাকা দল শেষ অবধি চ্যাম্পিয়ন হয়েছে। তাহলে সেই ধারাবাহিকতায় কি এবার আইপিএল ট্রফি উঠবে বিরাট কোহলিরই হাতে?
বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত সাড়ে আটটায়। আজকের ম্যাচের বিজয়ী দল চলে যাবে সরাসরি ফাইনালে। আর পরাজিত দল এলিমিনেটর ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে নিজেদের প্রমাণ করার আরও একটি সুযোগ পাবে।
আজকের প্লে অফের প্রথম কোয়ালিফায়ারের সব আলো থাকবে আরসিবি অধিনায়ক বিরাট কোহলির দিকে। লিগ পর্বে ১৪টি ম্যাচে কোহলির মোট রান ৯১৯। সেঞ্চুরি করেছেন চারটি, হাফ-সেঞ্চুরি ছয়টি। ব্যাটিং গড় ৯১.৯০। পুরো টুর্নামেন্টে ১৫২.৪০ স্ট্রাইক রেট, হাঁকিয়েছেন ৭৮টি চার ও ৩৬টি ছক্কা। 
আইপিএলের ইতিহাসে কোহলির এক হাজার রান হতে বাকি মাত্র ৮১ রান। প্রথম কোয়ালিফায়ারে খেলার সুযোগ পাওয়ায় বাকি টুর্নামেন্টে আরো অন্তত দুটো ম্যাচ খেলতে পারবে আরসিবি। কোহলির যা ফর্ম চলছে, তাতে দুই ম্যাচে ৮১ রান করে হাজারের গণ্ডি অতিক্রম করাটা মোটেই অসম্ভব নয়। 
দলে দুরন্ত ফর্মে রয়েছেন ব্যাটসম্যান এবি ডি’ভিলিয়ার্স ও লোকেশ রাহুল। ব্যর্থতা কাটিয়ে জ্বলে উঠেছেন ক্যারিবীয় টি-টুয়েন্টির বিনোদন খ্যাত ক্রিস গেইল। ক্রিস গেইলের মতো খ্যাপাটে ব্যাটসম্যানরা সব সময়ই বড় ম্যাচের দিকে তাকিয়ে থাকে, আজ গেইলের ব্যাট হাসলে পথ খুঁজে পাবে না গুজরাটের বোলাররা।
তবে প্রথমবার আইপিএলে খেলতে নেমে শীর্ষ স্থান নিয়ে প্লে-অফে পৌঁছানো রায়নারাও রয়েছেন আত্মবিশ্বাসের তুঙ্গে। ভালো ফর্মে রয়েছেন অ্যারন ফিঞ্চ, সুরেশ রায়না ও ব্রেন্ডন ম্যাকালাম।
এখন পর্যন্ত ১৪ ম্যাচে তিন জনেই পেরিয়ে গেছেন তিনশো রানের গণ্ডি। ফলে দুই দলের ব্যাটিং শক্তির প্রদর্শনে জমে উঠতে পারে আজকের ম্যাচ।










