দিল্লী ডেয়ারডেভিলসকে ছয় উইকেটে হারিয়ে প্লে অফ নিশ্চিত করেছে রয়্যাল
চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দিল্লীর ১৩৯ রানের জবাবে বিরাট কোহলির
অধিনায়কোচিত ব্যাটিংয়ে ১১ বল বাকী রেখেই জয়ের বন্দরে পৌঁছায় বেঙ্গালুরু।
এরফলে গুজরাট কোয়ালিফায়ার-১ খেলবে ব্যাঙ্গালুরুর সঙ্গে। এলিমিনেটর খেলবে কলকাতা ও হায়দরাবাদ। এখানকার জয়ী দল কোয়ালিফায়ার-২ খেলবে কোয়ালিফায়ার-১ এ পরাজিত দলের সঙ্গে। মানে আরেকটি মুস্তাফিজ-সাকিব লড়াই দেখবেন ক্রিকেট ভক্তরা।
১৩৯ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৫ রানের মাথায় ক্রিস মরিচের বলে বোল্ড হন ক্রিস গেইল (১)। 
গেইলের পরেই দলীয় ১৭ রানে যাদবের হাতে ডি ভিলিয়ার্সকে(৫) তালুবন্দী করে প্যাভিলনে পাঠান দিল্লী কাপ্তান জহির খান।
দিল্লীর সল্প রানের পুঁজি যখন বেঙ্গালুরুর বাঁচা মরার ম্যাচে চোখ রাঙাচ্ছে তখন আরেক প্রান্তে লক্ষ্যে অবিচল বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি। 
তৃতীয় উইকেট জুটিতে লোকেশ রাহুলকে নিয়ে ৬৬ রান যোগ করেন। ব্যক্তিগত ৩৮ রান করে রাহুল আউট হয়ে গেলেও দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন কোহলি।
মূলত কোহলির ৪৫ বলে ছয়টি চারে ৫৪ রান বেঙ্গালুরুর সহজ জয় নিশ্চিত করে। এরআগে টসে হেরে ব্যাট করতে নেমে কুইন্টন ডি ককের ৬০ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৩৮ রান করে দিল্লী ডেয়ারডেভিলস।
রায়পুরে বেঙ্গালুরুর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই ব্যাটফুটে দিল্লী। ওপেনার ডি কক ৫২ বলে পাঁচটি চার ও এক ছয়ে ৬০ রান ছাড়া উল্লেখযোগ্য কেউ স্কোর করতে পারেনি।
শেষ দিকে ক্রিস মরিসের ১৮ বলে ২৭ রান দিল্লীকে ১৩৮ রান করতে সহায়তা করে। বেঙ্গালুরুর বোলারদের মধ্যে লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল তিনটি, ক্রিস গেইল দুটি উইকেট নেন। এছাড়াও ক্রিস জর্ডান ও শ্রীনাথ অরভিন্দ একটি উইকেট নেন।










