প্রথম ইনিংস শেষে দুইশর কাছে লিড আদায় করা নিউজিল্যান্ডের বোলাররা দ্বিতীয় ইনিংসেও ভারতের ব্যাটিংকে ভোগাচ্ছে। ওয়েলিংটন টেস্টের তৃতীয় দিন শেষে নিয়ন্ত্রণ ধরে রেখেছে শক্ত হাতে। স্বাগতিকদের দ্বিতীয়বার ব্যাটিংয়ে নামাতেই এখনো ৩৯ রান চাই সফরকারীদের, হাতে আছে ৬ উইকেট।
বেসিন রিজার্ভে রোববার নিজেদের প্রথম ইনিংসে ৩৪৮ রানে থেমেছে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ভারতকে ১৬৫ রানে গুটিয়ে দিয়েছিল তারা। তাতে ১৮৩ রানের বিশাল লিডের স্বস্তিতে থাকে উইলিয়ামসনের দল।
প্রথম ইনিংসে কোনোমতে দেড়শ পেরোনো কোহলিরা দ্বিতীয় ইনিংসে নেমেও সুবিধা করতে পারেনি। ৪ উইকেটে ১৪৪ তুলতে অধিনায়কসহ টপঅর্ডারের চার ব্যাটসম্যানকে হারিয়ে বসেছে। কিউইদের প্রথম ইনিংসের সংগ্রহ থেকে ভারত এখনও পিছিয়ে আছে ৩৯ রানে।
সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে লিড নিতে বাকিদের বড়কিছুই করে দেখাতে হবে। আজিঙ্কা রাহানে ২৫ ও হনুমা বিহারি ১৫ রানে চতুর্থ দিনের লড়াইয়ে নামবেন।
তাদের কাঁধে বড় দায়িত্ব চাপিয়ে ফিরে গেছেন পৃথ্বী শ ১৪, চেতেশ্বর পূজারা ১১, বিরাট কোহলি ১৯ রানে। ব্যতিক্রম শুধু মায়াঙ্ক আগারওয়াল, এ ওপেনারের ব্যাটে এসেছে ৫৮ রান।
বোল্ট ৩ উইকেট নিয়ে দিনের সেরা। অন্য উইকেটটি সাউদির দখলে গেছে।
দিনের শুরুতে নিউজিল্যান্ডকে আরও আগেই থামানোর চেষ্টা করেছিল ভারত। কলিন ডি গ্র্যান্ডহোমের ৪৩ রানের পর লেজের দিকে অভিষিক্ত পেসার কাইল জেমিসন চার ছক্কায় ৪৫ বলে ৪৪ ও বোল্ট ২৪ বলে ৩৮ করে গেলে বড় লিড নিশ্চিত হয় স্বাগতিকদের।
৫ উইকেট নিয়ে পেসার ইশান্ত শর্মা ভারতের সেরা বোলার। ৩ উইকেট গেছে অফস্পিনার অশ্বিনের ঝুলিতে। বুমরাহ ও শামি নিয়েছেন একটি করে উইকেট।








