লেগস্পিনারদের দাপটের একদিনে দারুণ দুটি কীর্তি দেখল বিশ্বক্রিকেট। ছেলেদের ক্রিকেটে অভিষেকে হ্যাটট্রিক করার তৃতীয় কীর্তি গড়েছেন শ্রীলঙ্কান লেগি ভানিডু হাসারাঙ্গা, আর মেয়েদের ক্রিকেটে কোন রান খরচ না করেই ৪ উইকেট দখল করেছেন সাউথ আফ্রিকার নারী দলের ড্যান ফন নিকার্ক।
নারী বিশ্বকাপে রোববার ওয়েস্ট ইন্ডিজকে ২৫.২ ওভারে মাত্র ৪৮ রানে গুঁড়িয়ে দিয়েছে প্রোটিয়া মেয়েরা। পরে মাত্র ৬.২ ওভারে কোন উইকেট না হারিয়েই লক্ষ্য ছুঁয়েছে। এই ম্যাচেই এসেছে ফন নিকার্কের অনন্য কীর্তিটি।
লেস্টারের গ্রেস রোড মাঠে আফ্রিকার অধিনায়ক নিকার্ক নিজের প্রথম তিন ওভারে একটি করে উইকেট নিয়েছেন। চতুর্থ ওভারের নেন শেষ উইকেটটি। বোলিং ফিগার দাঁড়ায় ৩.২-৩-০-৪!
মেয়েদের ওয়ানডে ক্রিকেটের সেরা বোলিং ৪ রানে ৭ উইকেট। ২০০৩ সালে করা রেকর্ডটি পাকিস্তানের সাজ্জিদা শাহর। তবে শূন্য রানে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড এটিই। এর আগে দুবার শূন্য রাতে ৩ উইকেটের কীর্তি আছে।
প্রথমটি ১৯৯৭ সালে, পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার লেগস্পিনার অলিভিয়ে ম্যাগনোর। আরেকটি ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ইংলিশ পেসার অ্যারান ব্রিন্ডলের।
তবে মেয়েদের টি-টুয়েন্টিতে শূন্য রানে ৩ উইকেট আছে সান্দামালি দোলাভাত্তের। ২০১২ সালের এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন শ্রীলঙ্কার সান্দামালি।







