সরকারি চাকরিতে চলমান কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে কুমিল্লা শহরের কান্দিরপাড় মোড়সহ আশপাশের এলাকা অবরোধ করে রেখেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনকারীরা।
সোমবার দুপুর ১টা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই অবরোধ শুরু করে। এতে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজসহ কুমিল্লার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আন্দোলনকারীরা কান্দিরপাড় অবরোধ করে রেখেছে।
এদিকে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ে শহর থেকে নিয়মিত বাস আসলেও অধিকাংশ বিভাগেই কোন ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। তাছাড়া অনেক বিভাগের শিক্ষার্থীদেরই ঘোষণা দিয়ে তাদের ক্লাস পরীক্ষা বর্জন করতে দেখা গেছে।
এর আগে সোমবার বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছিল আন্দোলনকারি শিক্ষার্থীরা। প্রায় দুই ঘণ্টা এই অবরোধে সড়কের দুই লেনেই হাজার হাজার গাড়ি আটকে থাকে। এতে জনমানুষ চরম ভোগান্তিতে পড়ে।









