ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র ও কোটা আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক মশিউর রহমানের মুক্তি না হওয়া পর্যন্ত ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন বিভাগের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এক মানববন্ধন থেকে এই ঘোষণা দেন তারা।
মানববন্ধনে বক্তব্য দেন সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক নেহাল করিম, সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা, অর্থনীতি বিভাগের শিক্ষক রুশদ ফরিদী ও আন্তর্জাতিক বিভাগের সহযোগী অধ্যাপক তানজীম উদ্দিন খান।
বিভাগের চেয়ারম্যান নেহাল করিম বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর দায় এড়াতে পারে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে বলতে পারি, কোনো খবর না জানিয়ে আমাদের ছাত্রদের জেলহাজতে নিয়ে যাবে সেটা কাম্য না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমি কর্তৃপক্ষকে বলবো অনতিবিলম্বে মশিউরকে ফিরিয়ে দিতে।
সমাজবিজ্ঞান বিভাগের এক ছাত্রী বলেন, মশিউর আমাদের সহপাঠী। সে আমাদের সঙ্গে ক্লাসে উপস্থিত না হওয়া পর্যন্ত আমরা ক্লাস করবো না।
কোটা সংস্কার আন্দোলনকারী মশিউরকে ছাত্রলীগের নেতাকর্মীরা গত ৩০ জুন সূর্যসেন হল থেকে তুলে নিয়ে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ তাকে আটক দেখায়।









