সরকারি চাকরিতে পাঁচ শতাংশ কোটার দাবিতে ফের ঢাকা- রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন প্রতিবন্ধী শিক্ষার্থীরা। রোববার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত ‘প্রতিবন্ধী শিক্ষার্থী ঐক্য পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা’র শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে রাখে। এসময় তারা ১১দফা দাবি জানায়।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- সরকারি চাকরিতে বিনা শর্তে ৫% কোটা সংরক্ষণ, সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত চাকরির প্রিলি পরীক্ষা থেকে প্রতিবন্ধী কোটা কার্যকর, সরকারের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ে তরুণ প্রতিবন্ধীদের মধ্য থেকে প্রতিনিধি রাখা, প্রতিবন্ধী মন্ত্রণালয়, জাতীয় প্রতিবন্ধী অধিদফতর করা, প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের প্রবেশগম্যতা নিশ্চিত করা, সরকারি ও বেসরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা শিথীল করা ইত্যাদি।
বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষার্থী ঐক্য পরিষদের আহবায়ক হুমায়ুন কবীর বলেন, বাংলাদেশের প্রতিবন্ধীরা অন্যান্য দেশের প্রতিবন্ধীদের চাইতে বেশি অবহেলিত। তার ওপর আবার বর্তমানে দেশে প্রায় দেড় কোটি প্রতিবন্ধী রয়েছে। এ বিশাল সংখ্যক জনগোষ্ঠীকে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব হবে কি? আমরাও দেশের জন্য কাজ করতে চাই। আমাদের জন্য মাত্র ১% কোটা ছিল।
‘কিন্তু দেশে যে পরিমান প্রতিবন্ধী আছে তাদের প্রয়োজনের তুলনায় খুবই নগন্য। সেটাও আবার তুলে দেওয়া হয়েছে। তাই আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীকে এগিয়ে নিতে আমরা ৫% কোটা দাবি জানাচ্ছি।’
এছাড়াও যদি আগামীকালের মধ্যে তাদের দাবি মেনে না নেওয়া হয়, তাহলে অনশন কর্মসূচি ঘোষণা করে হবে বলে জানান তিনি।








