গত ২৬ বছরে প্রিমিয়ার লিগে সবচেয়ে বাজে শুরু করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথম চার ম্যাচের দুটিতেই হেরেছে রেড ডেভিলরা। যার ফলে ওল্ড ট্রাফোর্ডের ডাগআউটে ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাচ্ছে কোচ জোসে মরিনহোর।
কয়েকদিন আগেই ব্রিটিশ মিডিয়া জানিয়েছিল, ওল্ড ট্রাফোর্ডে মরিনহোর তপ্ত চেয়ারে বসার একাধিক বিকল্পের কথা। যাদের মধ্যে উপরে ছিলেন রিয়াল মাদ্রিদের সাবেক কোচ জিনেদিন জিদান। তার সঙ্গে নাম ছিল মাউরিসিও পচেত্তিনো, অ্যান্থনিও কন্তে ও লরা ব্লা’র।
তবে সেই তালিকা থেকে একেবারে শর্ট লিস্টে চলে এসেছে জিদানের নাম। ব্রিটিশ দৈনিক দ্য মিরর বলছে, ম্যানইউর দায়িত্ব নিতে পুরোপুরি প্রস্তুত ফরাসি কিংবদন্তি। দলে যেসব ফুটবলারদের চান, এরই মধ্যে ইংলিশ জায়ান্টদের তার একটি তালিকাও দিয়ে দিয়েছেন জিদান।
মিররের খবর অনুযায়ী, জিদানের পছন্দের খেলোয়াড়দের তালিকায় আছেন রিয়াল মাদ্রিদের জার্মান মিডফিল্ডার টনি ক্রুজ, বায়ার্ন মিউনিখের স্প্যানিশ তারকা থিয়াগো আলকান্তারা, রিয়াল থেকে ধারে বায়ার্নে যাওয়া কলম্বিয়ান স্ট্রাইকার হামেস রদ্রিগেজ এবং পিএসজির উরুগুয়েন ফরোয়ার্ড এডিনসন কাভানি।








