সিলেটের মেয়র নির্বাচনে স্থগিত হওয়া দুটি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী সাড়ে ৪ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন।
গত ৩০ জুলাই সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ১৩৪টি কেন্দ্রের মধ্যে ১৩২টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়।
সংঘর্ষের কারণে ২৭ নং ওয়ার্ডের হবিনন্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও গাজী বুরহান উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়েছিল।
১৩২টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকে মেয়রপ্রার্থী আরিফুল হক চৌধুরী ৯০ হাজার ৪৬৯ ভোট ও নৌকা প্রতীকে মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান পেয়েছিলেন ৮৫ হাজার ৮৭০ ভোট।
সেই হিসাবে বিএনপির প্রার্থী ৪ হাজার ৬২৬ ভোটে এগিয়ে ছিলেন। তবে স্থগিত হওয়া দুই কেন্দ্রের ভোটসংখ্যা ৪ হাজার ৭৮৭ অর্থাৎ ব্যবধানের চেয়ে স্থগিত ভোট বেশি হওয়ায় দুই কেন্দ্রের ভোট না হওয়া পর্যন্ত নতুন মেয়রের নাম ঘোষণা স্থগিত করা হয়।
নগরীর ১৯, ২০ ও ২১ নং সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর প্রার্থী নার্গিস সুলতানা ও নাজনীন আক্তার কনার ভোট সমান হয়ে যাওয়ায় ওই তিনটি ওয়ার্ডের ১৪টি ভোট কেন্দ্রেও আজ নির্বাচন হচ্ছে।
এছাড়া মেয়র পদে স্থগিত হওয়া দুটি কেন্দ্রেরও পুরুষ কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরদের ভোট গ্রহণ করা হচ্ছে।








