পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য কেরানীগঞ্জে নতুন ক্যাম্পাস
স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার এক জরুরি সংবাদ সম্মেলনে
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, এ বিষয়ে মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়ে
যাওয়ায় আমরা খুবই আনন্দিত।
তবে কেরানীগঞ্জে নতুন ক্যাম্পাস হলেও পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী পুরনো স্থাপনাগুলোও থাকবে বলে জানান শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, তখন কোনটি মূল ক্যাম্পাস হবে, কোথায় কী কাজ হবে- সেসব বিষয়ে একটি মহাপরিকল্পনা তৈরি করা হবে।
জগন্নাথের ছাত্রদের জন্য কেরানীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ১০ তলা একটি আবাসিক হল নির্মাণের যে প্রকল্প নেওয়া হয়েছে, সেখানেই আরও জমি নিয়ে এই ক্যাম্পাস হবে বলে জানান নাহিদ।
তিনি বলেন, “ওখানে ২৫ বিঘা জায়গা কেনা আছে। ওই জায়গার আশপাশে আরও জমি আছে। সবার সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি। বিশ্ববিদ্যালয়ের যে পরিমাণ জমি প্রয়োজন, তা ওখান থেকে নিতে পারব।”
গত প্রায় একমাস ধরে নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে সরিয়ে নেওয়ার পর ওই স্থান হলের জন্য বরাদ্দ চেয়ে আন্দোলনে নামে জগন্নাথের শিক্ষার্থীরা।







