অবসর নিয়েছেন …হাতে অখন্ড সময়। কেমন যাচ্ছে সদ্য ক্রিকেট থেকে বিদায় নেওয়া শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারার?
সাঙ্গা জানিয়েছেন, অনেক ভালো যাচ্ছে। পরিবারে আমার স্ত্রী ইয়েহালি, আমাদের যমজ ছেলেমেয়ে কবিৎ ও সিরিকে সময় দিচ্ছি। এখন তাড়া অনেক কম থাকে। প্রচুর ফোন পাচ্ছি বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের থেকে। সকালে পরিবারের সঙ্গে নাস্তা করছি।
সাঙ্গা জানান, ক্রিকেটের সঙ্গে ১৫ বছর জড়িত ছিলাম, পরিবারকে সঠিকভাবে সময় দিতে পারিনি। তবে আমার স্ত্রী ইয়েহালি না থাকলে আমি এতোদূর আসতে পারতাম না। ছোট বেলার থেকেই আমরা একে অপরকে ভালোবেসেছি।
সাঙ্গাকার আরও বলেন, ক্রিকেটজীবনের শুরু থেকে শেষ যে সাফল্য পেয়েছি তার শক্তি, তার (স্ত্রীর) অনুপ্রেরণা আমার পরিবার আর বন্ধুবান্ধব।
স্ত্রীর প্রশংসা করে তিনি বলেন, ইয়েহালিকে স্ত্রী হিসেবে পাওয়াটা আমার কাছে আশীর্বাদের মতো। পেশাদার ক্রিকেটারদের স্ত্রী হওয়া যে কতটা কঠিন, অনেকেই জানেন না। বিশেষ করে যদি আপনার সন্তান থাকে। এই যে ১৫ বছর আমি শ্রীলংকার হয়ে খেলার ওপর ফোকাস ঠিক রেখেছি, তার পেছনে রয়েছে ইয়েহালির অসীম আত্মত্যাগ।
তবে ক্রিকেটকে অনেক মিস করছি। সব কিছু শেষ করতে চেয়েছিলাম রুপকথার গল্পের মতো, কিন্তু জীবনটাতো রুপকথা নয়। আমি শেষ দিন অনেক আপ্লুত ছিলাম, আমি কখনো ভাবিনি দুই ইনিংসে খারাপ করার পর এতো দর্শক সমর্থক আসবে।
জীবনের অন্তিম টেস্টটা শেষ হল দারুণ একটি পার্টি দিয়ে। অ্যাঞ্জেলো আর আমার সতীর্থদের দেয়া পার্টি। আমার কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুও ওখানে ছিল। আন্তর্জাতিক ক্রিকেটের কোন জিনিসটা সবচেয়ে বেশি মিস করব জানেন? ড্রেসিংরুমের এই অন্তরঙ্গতা, এই মজাগুলো। রাতটা আমারা দারুণ কাটালাম। ভোররাত পর্যন্ত প্রচুর নাচগান করলাম। তারপর সকালে ঘুম ভাঙল সাবেক শ্রীলংকান ক্রিকেটার হিসেবে….এভাবেই নিজের বর্তমান দিনগুলোর কথা জানালেন কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা।







