বলিউডে অভিষেক হয়েছে সাইফ আলী খান ও অমৃতা সিংহ-এর মেয়ে সারা আলী খানের। শিগগিরই সারা আসছেন তার প্রথম ছবি ‘কেদারনাথ’ নিয়ে। এরই মধ্যে প্রকাশ পেয়েছে ছবিটির ফার্স্ট লুক। আর সেখানে রঙিন ছাতা মাথায় সারাকে সত্যিকারের রাজকন্যাই মনে হচ্ছে।
কিছুটা রোমান্টিক ধাঁচের হলেও অভিষেক কাপুর পরিচালিত এ ছবিটির মূল কাহিনী উত্তরখণ্ডে ঘটে যাওয়া ভয়াবহ বন্যা নিয়ে। ফার্স্ট লুক দেখে অনেকেই ধারণা করছেন নবাব কন্যার বলিউড যাত্রাটা রাজকীয় হতে চলেছে। ঠিক রাজ কন্যার মতই ঘোড়ায় চেপে নীল-সাদা ছাতা ধরে অপেক্ষা করছেন তিনি। সাদা পোশাকে সারাকে বেশ স্নিগ্ধ এবং আকর্ষণীয় দেখালেও তার দৃষ্টিতে ছিল ভয়ের ছাপ।
কদিন আগেই রটে যে ‘কেদারনাথ’ ছবির শুটিং এ সারা আলি খান দেরি করে আসছেন এবং খারাপ ব্যবহার করছেন সবার সঙ্গে। তবে ছবির পরিচালক জানান। এগুলো স্রেফ গুজব। এই প্রসঙ্গে অভিষেক কাপুর বলেন, ‘সারা খুব দ্রুত সবকিছু শিখছেন এবং তার প্রতিভাতে সবাই মুগ্ধ।’ তিনি আরও বলেন, ‘সারা সৌন্দর্য ও প্রতিভার মিশ্রণ। তিনি খুব বুদ্ধিমতী, মেধাবি এবং ইন্ডাস্ট্রি সম্পর্কে বেশ ভালো বোঝেন। কাজের ব্যাপারে তার কোনো ভয় নেই, এমনটা কেদারনাথ ছবির জন্য আমাদের প্রয়োজন।’
‘কেদারনাথ’ ছবিতে সারা আলী খানের বিপরীতে অভিনয় করেছেন সুশান্ত সিং রাজপুত। ছবির গল্প প্রসঙ্গে সুশান্ত বলেন, ‘ছবিটি আসলে বিশ্বাস ও প্রেমের এক মেলবন্ধন। যার প্রেক্ষাপট কেদারনাথের ২০১৩ সালের বন্যা। যেসময় আটকে পড়েছিলেন তীর্থযাত্রীরা। তাঁদের উদ্ধার করেন ‘বাহক’রা, যাদের স্থানীয় ভাষায় পিঠ্ঠু বলে। আর এই ছবিতে সুশান্তকেও একজন পিঠ্ঠুর চরিত্রেই দেখা যাবে। বলিউড লাইফ।








