গণতন্ত্রহীন দেশে উন্নয়নশীল দেশের তকমা অর্থহীন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র নেতারা। ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তারা।
বুধবার বিকেলে গুলশানে দলের চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে পূর্ব নির্ধারিত বৈঠকে কয়েকটি দেশের রাষ্ট্রদূত, কর্মকর্তা ও সংস্থার প্রতিনিধিরাও অংশ নেয়। প্রায় পৌনে এক ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে বিকেলে প্রবেশ করেন সৌদি আরব, সুইজারল্যান্ড, সুইডেন, স্পেনের রাষ্ট্রদূত। অস্ট্রেলিয়া, তুরস্ক, জাপান, নেদারল্যান্ডের উপ-রাষ্ট্রদূত এবং যুক্তরাষ্ট্রের ফাস্ট পলিটিক্যাল সেক্রেটারি। এছাড়াও বৈঠকে অংশ নেয় ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) ও ইউএসএইডের কান্ট্রি ডিরেক্টরসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা।
বৈঠক শেষে চলে যাবার সময় গণমাধ্যমে কোন কথা বলেননি কূটনৈতিক প্রতিনিধি দলের কেউ।
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদূদ আহমদ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অভিযোগ করেন, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ব্যবহার করে প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভা করা নির্বাচনী বিধির লঙ্ঘন। তিনি আরও মন্তব্য করেন, গণতন্ত্রহীন দেশে উন্নয়নশীল দেশের তকমা অর্থহীন।
প্রসঙ্গত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গ্রেফতার পরবর্তী দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কূটনৈতিকদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিএনপি নেতারা।







