চ্যাম্পিয়ন্স ট্রফির পর ভারতীয় দলের কোচ হিসেবে কাজ চালিয়ে যেতে নারাজ অনীল কুম্বলে। এনডিটিভি দাবি করছে, তার পরিবর্তে ভারপ্রাপ্ত কোচ হিসেবে যোগ দিতে পারেন বীরেন্দর শেবাগ।
সূত্রের নাম প্রকাশ না করে এনডিটিভি তাদের এক প্রতিবেদনে বলছে, গত কয়েক দিনে অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে তার সম্পর্কের বেশ অবনতি হয়েছে। এভাবে কুম্বলে কাজ চালিয়ে যেতে চাচ্ছেন না। তবে ভারতের সুপ্রিম কোর্ট থেকে নিযুক্ত প্রশাসক প্যানেল নাকি চেষ্টা করছে কুম্বলেকে বুঝিয়ে রেখে দিতে।
উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের উপদেষ্টা কমিটির সদস্য সৌরভ গাঙ্গুলী শুক্রবার বিরাট কোহলিদের সঙ্গে দেখা করেন।
কুম্বলে কিছুদিন আগে ভারতীয় বোর্ডের সঙ্গেও সম্পর্ক খারাপ করে বসেন। সেবার ক্রিকেটারদের সঙ্গে বেতন বাড়ানোর আন্দোলনে নামেন তিনি।
চ্যাম্পিয়ন্স ট্রফির পর কাগজে-কলমে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। শুরুতে শোনা গিয়েছিল তিনি থেকে যেতে চান। কিন্তু বিসিসিআই হঠাৎ করে নতুন কোচ চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে। এরপর পরিস্থিতি ঘোলাটে হতে শুরু করে। যে কোহলির সঙ্গে তার সম্পর্ক মধুর ছিল, সেখানেও সৃষ্টি হলো তিক্ততা!







