কুমিল্লা সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মো. সোহেলকে গুলি করে হত্যা করা হয়েছে। সন্ত্রাসীদের গুলিতে এসময় আরো ৫ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। তাদের মধ্যে ১৭ নম্বর ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি হরিপদ সাহাও মারা গেছেন।
আজ সোমবার বিকাল ৩ টা ৪০ মিনিটের কুমিল্লা শহরের পাথুরিয়াপাড়ায় নিজ কার্যালয়ের সামনে একদল সন্ত্রাসী তাকে শুইয়ে মাথায় গুলি করে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যান।
বিকাল ৫টা থেকেই কাউন্সিলর সোহেল মারা গেছেন শোনা গেলেও কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মহিউদ্দিন আহমেদ রাত সাড়ে ৮ টায় এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দশ বারো জনের একদল সন্ত্রাসী হেলমেট ও মাস্ক পড়ে এসে কাউন্সিলর অফিসে গুলি শুরু করে। এক পর্যায়ে তারা কাউন্সিলর সৈয়দ মো. সোহেলকে শুইয়ে গুলি করে চলে যায়। এ ঘটনায় আরো ৫ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। কাউন্সিলর অফিসে এ সময় পাঁচ ছয় জন স্থানীয় সমস্যা নিয়ে কথা বলছিলেন।








