কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং জার্মানির ডিডব্লিও একাডেমির উদ্যোগে ‘নেটওয়ার্কিং কনফারেন্স অন জার্নালিজম এডুকেশন কানেক্টিং টু দ্য প্রফেশনালস’ অনুষ্ঠিত হয়েছে।
রোববার কুমিল্লার কোটবাড়ির বার্ডে (বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট) সম্মেলনটি অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ সম্মেলনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক এবং দেশীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
মোট দুই সেশনে বিভক্ত সম্মেলনে গণমাধ্যমের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ, মোবাইল জার্নালিজম, ডাটা জার্নালিজম, সাংবাদিকতায় প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা করা হয়।
সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান মোঃ বেলাল হুসাইনের সভাপতিত্বে অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক তথ্য কমিশনার অধ্যাপক ড. মোঃ গোলাম রহমান, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ শহিদুল হক, প্রথম আলোর সাবেক স্পোর্টস এডিটর ও সাংবাদিক উৎপল শুভ্র, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের হেড অব নিউজ মামুন আবদুল্লাহ, ডিডব্লিউ একাডেমির কান্ট্রি ম্যানেজার প্রিয়া এসেলবর্ন। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রথম প্লেনারি সেশনে প্যানেল আলোচনায় ডয়েচে ভেলে একাডেমির পলিসি এন্ড কনসেপ্ট বিশেষজ্ঞ উডো প্র্যাঞ্জেলের সঞ্চালনায় অংশ নেন সাবেক প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. মোঃ গোলাম রহমান, ইউল্যাবের সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জুড ডব্লিউ. আর. জেনিলো (পি এইচ ডি), নিউ ইয়র্ক টাইমসের স্ট্রিংগার জুলফিকার আলি মানিক, প্রথম আলোর সাবেক বার্তা সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী।
টেকনিক্যাল সেশনের প্রথম অংশে মোবাইল জার্নালিজম নিয়ে আলোচনা করেন ইউল্যাবের সহকারী অধ্যাপক ড. আব্দুল কাবিল খান। দ্বিতীয় অংশে ডাটা সাংবাদিকতা নিয়ে ডাটাফুলের প্রজেক্ট লিডার পলাশ দত্ত, সাংবাদিকতায় প্রযুক্তির ব্যবহার নিয়ে ডিডব্লিও একাডেমির কনসালট্যান্ট উলগা কিসেলম্যান আলোচনা করেন।
সম্মেলনের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।







