গত বছর জেল থেকে মুক্তি পেয়েছেন সঞ্জয় দত্ত। ১৯৯৩ সালের মুম্বাই বোমা হামলার ঘটনার পর, হামলাকারীর কাছ থেকে অবৈধ অস্ত্র কেনার অভিযোগে তার সাজা হয়। ৪২ মাস কারাভোগের সম্প্রতি মুক্তি পেয়েছেন তিনি। পাঁচ বছরের সাজা হলেও, ভালো ব্যবহারের কারণে ১৪৪ দিনের সাজা মওকুফ করা হয়েছে তার।
জেলের চার দেয়ালের বন্দী জীবনে সবচেয়ে বেশি মনে পড়েছে কার কথা? এখন কী করছেন সঞ্জয়? এমন প্রশ্ন জাগে অনেকের মনে।

বলিউড তারকা নার্গিস এবং সুনীল দত্তের সন্তান সঞ্জয় দত্ত জানান, জেলের এই দীর্ঘ সময়টাতে খুব মনে পড়েছে পরিবারকে। ফিল্ম ইন্ডাস্ট্রির কাছের মানুষেরা ‘পরিবার’ শব্দটির অন্তর্ভুক্ত তার কাছে। ১৯৮১ সালে ‘রকি’ ছবির মাধ্যমে বলিউডে যাত্রা শুরুর পর, বলিউডের সাথে দীর্ঘ ৪০ বছরের সম্পর্কটা খুব চমৎকার কেটে গেছে তার। তবে সবচেয়ে বেশি মনে পড়েছে সঞ্জয়ের তিন সন্তান ত্রিশালা, ইকরা এবং শাহরানকে।
সঞ্জয় জানান, তার সাথে সন্তানদের সম্পর্ক চমৎকার। তাদের সম্পর্ক প্রসঙ্গে সঞ্জয় বলেন, ‘আমার সাথে তাদের সম্পর্ক অসাধারণ। কিন্তু আমি তাদের বন্ধু না, তাদের বাবা।’
তিনি আরও বলেন, ‘আমার বাবা আমাকে সব সময় এই কথাটি বলতেন। আমি আমার সন্তানদের ক্ষেত্রে সেটা মেনে চলি।’

কয়েক বছর পর সঞ্জয় দত্ত আবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন, বাবা সন্তানের সম্পর্ক নিয়ে তৈরি হচ্ছে ‘ভূমি’। বাবার সাথে মেয়ের সম্পর্ক নিয়ে গড়ে উঠেছে ওমাং কুমার পরিচালিত ‘ভূমি’ ছবির কাহিনি।
‘ভূমি’ ছবির শুটিংয়ের জন্য কিছুদিন আগে উত্তর প্রদেশ যান সঞ্জয় দত্ত। জানিয়েছেন, উত্তর প্রদেশ এবং বিহার দুই জায়গার সাথেই তার সম্পর্ক রয়েছে। তার নানী ছিলেন উত্তর প্রদেশের এবং নানা ছিলেন বিহারের। সেই হিসেবে তিনি একজন ‘ইউপি-বিহার’ ব্যক্তি। ‘ভূমি’ ছবিটি মুক্তির সম্ভাব্য সময় হলো এ বছর ৪ আগস্ট। টাইমস অব ইন্ডিয়া।







