ব্রিটেনে কিশোর-কিশোরীদের মধ্যে ধূমপান-মদ্যপানের মাত্রা গত দশকের তুলনায় অর্ধেকের নিচে নেমে এসেছে। একই চিত্র দেখা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের কম বয়সী ধূমপায়ী ও অন্যান্য মাদকাসক্তদের ক্ষেত্রে। স্মার্টফোন আসক্তি মাদকাসক্ত কিশোরদের সব নেশাকে পেছনে ফেলছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) পরিসংখ্যান বলছে,গত দশকের তুলনায় ১১-১৫ বছর বয়সী ব্রিটিশ কিশোর-কিশোরীদের ধূমপান ও মদ্যপানের মাত্রা অর্ধেকের নিচে নেমেছে।
মার্কিন যুক্তরাষ্ট্রেও এমন পরিবর্তন দেখা যাচ্ছে। দেশটিতে কিশোরদের ধূমপান-মদ্যপানের মাত্রা গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে বেশিমাত্রায় হ্রাস পেয়েছে। মাদকাসক্তির মাত্রায় এমন পরিবর্তনের পেছনে স্মার্টফোনের ভূমিকা নিয়ে গবেষণা চলছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অন ড্রাগ অ্যাবিউজের পরিচালক নোরা ভলকও জানান, স্মার্টফোন কিশোরদের মধ্যে বিনোদনের নতুন উপকরণ এবং ব্যক্তিমত প্রকাশের সুযোগ দিচ্ছে এবং তা প্রচলিত মাদক কমাতে প্রভাব রাখছে কিনা তা জানতে শিক্ষাবিদদের সঙ্গে আলোচনা করা হচ্ছে।
মানুষের আচরণের ওপর স্মার্টফোনের প্রভাব নিয়ে গবেষণা করছেন জুরিখ ইউনিভার্সিটির স্নায়ুবিজ্ঞানী অর্ক ঘোষ।
তিনি বলেন,‘কিভাবে স্মার্টফোন আমাদের আচরণে প্রভাব রাখে তা এখনো আমরা জানি। তবে স্মার্টফোন ব্যবহার মস্তিষ্ক ও ব্যক্তি আচরণের সঙ্গে সম্পর্ক গড়ছে এটা প্রায় স্পষ্ট।’
২০০৩ থেকে ২০১৩ সালের মধ্যে ব্রিটিশ কিশোরদের মধ্যে মদ্যপানের মাত্রা ২৫ শতাংশ থেকে নেমে ৯ শতাংশ হয়েছে। ধূমপায়ীদের মাত্রা ৯ শতাংশ থেকে কমে হয়েছে ৩ শতাংশ।







