সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য ৬ জুলাই দিন ধার্য করেছেন আদালত। রোববার সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মনির আহমদ পাটোয়ারী এই তারিখ ধার্য করেন।
সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট কিশোর কুমার কর জানান, এ মামলার অন্যতম আসামি সিলেটের বরখাস্ত মেয়র আরিফুল হক চৌধুরীকে অসুস্থতার কারণে এদিন আদালতে হাজির করা হয়নি। অন্য একটি মামলায় হাজিরার দিন থাকায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকেও সিলেটে আনা হয়নি।
অ্যাডভোকেট কিশোর কুমার জানান, এ মামলার ৩২ আসামির মধ্যে ৮ জন জামিনে আছেন। আর ১৪ জন রয়েছেন কারাগারে। পলাতক আছেন ১০ জন।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেতা শাহ এ এম এস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান ওই রাতেই হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন।
এই হত্যা মামলার তদন্ত কর্মকর্তা সিআইড’র সিলেট অঞ্চলের সহকারী পুলিশ সুপার মেহেরুন নেছা পারুল ২০১৪ সালের ২১ ডিসেম্বর আরিফুল, গউছ এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১১ জনের নাম যোগ করে মোট ৩৫ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেন।
আরিফুল হকের আইনজীবী মোহাম্মদ লালা জানান, আগামী ৬ জুলাই অভিযোগ গঠনের শুনানির আগে তারা এ মামলা থেকে অব্যাহতির আবেদন করবেন।







