ভারত শাসিত কাশ্মিরের সেনাঘাটিতে জঙ্গি হামলার প্রমাণ দিতে ভারতে নিয়োজিত পাকিস্তানি হাইকমিশনারকে তলব করেছে নয়াদিল্লি। হাইকমিশনার আব্দুল বাসিতকে তলবের খবর নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল মুখপাত্র বিকাশ স্বরূপ।
গত রোববারের ওই হামলায় ১৮ জন ভারতীয় সেনা সদস্য নিহত হয়। ভারতের অভিযোগ পাকিস্তানের মদদেই সেনাঘাটিতে হামলা করেছে জঙ্গিরা। তবে বরাবরই অভিযোগ অস্বীকার করছে পাকিস্তান।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ভাষণের কয়েক ঘণ্টা আগেই সেদেশের হাইকমিশনারকে তলব করা হল।
বিকাশ আরো জানান, বাসিতকে বলা হয়েছে, তারা যদি হামলার তদন্ত করতে চায়; তাহলে প্রমাণ হিসেবে উরিতে নিহত জঙ্গিদের আঙ্গুলের ছাপ ও ডিএনএ নমুনা সরবরাহ করতে প্রস্তুত ভারত।









