বিক্ষোভকারীদের উপর নিরাপত্তা বাহিনীর নির্বিচার গুলিতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে এক উদীয়মান ক্রিকেটার ও ৭০ বছরের এক বৃদ্ধা সহ অন্তত তিন জন নিহত হয়েছেন। উত্তর কাশ্মিরের হাদাওয়ারা এলাকায় এই ঘটনা ঘটে। নিরাপত্তাবাহিনীর হাতে এক কলেজ ছাত্রী শ্লীলতাহানির শিকার হয়েছেন এমন খবর ছড়িয়ে পরলে বিক্ষোভে করতে রাস্তায় নামে জনতা।
পুরো এলাকায় কারফিউ জারি করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে দোকান-পাটসহ সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান।
পুলিশ জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর উপর পাথর নিক্ষেপের পরই বিক্ষোভকারীদের উপর গুলি চালানো হয়েছে। একজন নিহত হওয়ার খবর নিশ্চিত করে পুলিশের একজন সিনিয়র অফিসার জানান, ‘হ্যাঁ, নিরাপত্তাবাহিনীর গুলিতে এক বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে।’
এনডিটিভির অললাইনের প্রতিবেদনে জানানো হয়, পরে আরো দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করে হাসপাতাল কর্তৃপক্ষ। পুরো ঘটনা তদন্ত করে কার্যকর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন কাশ্মির পুলিশের আইজি জাভেদ গিলানি।
ঘটনা তদন্ত করে শাস্তি নিশ্চিতের আশ্বাস দিয়েছেন কাশ্মিরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।








