টাঙ্গাইলের কালিহাতীতে পুলিশের গুলিতে তিনজন নিহতের ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের টাঙ্গাইল পুলিশ লাইনে ক্লোজ করা হবে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি এসএম মাহফুজুল হক নুরুজ্জামান। এ সময় তিনি আরো বলেন, ঢাকা বিভাগের এডিশনাল ডিআইজি মোহম্মদ আলী মিয়াকে প্রধান করে আরো একটি ৫ সদস্য কমিটি করা হয়েছে। আজ শনিবার বিকেলে কালিহাতী থানায় সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
ঘটনা তদন্তে ও সেখানে দায়িত্ব পালনকারীদের দায়-দায়িত্ব নিরূপণের জন্য তিন সদস্যের কমিটি গঠন করেছে পুলিশ সদর দপ্তর। পুলিশের ভারপ্রাপ্ত আইজিপি মো. মোখলেছুর রহমানের নির্দেশে অতিরিক্ত ডিআইজি (ডিসিপ্লিন) মো. আলমগীর আলমকে সভাপতি, ঢাকা রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. আক্তারুজ্জামান এবং টাঙ্গাইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আসলাম খানকে সদস্য করে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি ধৈর্য ধারণ করে পরিস্থিতি মোকাবিলার জন্য পুলিশ ও জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
টাঙ্গাইলের কালিহাতীতে মা ও ছেলেকে নির্যাতনের প্রতিবাদে গতকাল শুক্রবার এলাকাবাসীর বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে ৩ জন নিহত হয়। আহত হয় অন্তত ৫০ জন।







