বিনোদন

কালিকাপ্রসাদ ভট্টাচার্যকে নিয়ে শ্রীজাতের কবিতা

কালিকাপ্রসাদ ভট্টাচার্যকে নিয়ে শ্রীজাতের কবিতা

সরস্বতী পুজায় মেয়ে আশাবরীর সঙ্গে কালিকাপ্রসাদ ভট্টাচার্য

মাটির শ্লোক
— শ্রীজাত

ফুলের গন্ধ ভাল্লাগে না। কাদের বাড়ি সাজায় শোক?

গান ফিরেছে মাটির কাছে। মৃত্যু কেবল মিথ্যে হোক।

পিছু নিচ্ছে হরিধ্বনি। তোমার হরি করিম শা’…
চোখের পাতায় ঘুম নেমেছে, হাতের পাতায় অবজ্ঞা
তোমার মধ্যে মাটিই ছিল। মাটির দোহা, মাটির শ্লোক –
গান ফিরেছে মাটির কাছে। মৃত্যু কেবল মিথ্যে হোক।

হাসতে হাসি বেমানানের, এই নগরের ফকির সাঁই
সাথ সঙ্গত রইল পড়ে, ঠান্ডা হাতেই সাধ মেটাই।

চুপের পরে আর কী কথা… ধূপের ধোঁয়া জ্বালায় চোখ…
গান ফিরেছে মাটির কাছে। মৃত্যু কেবল মিথ্যে হোক।

আর ক’টা দিন থাকলে হতো। চড়ুইভাতি’র সময় শেষ,
দোতারা যায় আকাশপানে, সেই যেখানে গানের দেশ…
সবাই আগুন পেরিয়ে এলাম। সবাই তোমার গানের লোক।

গান ফিরেছে মাটির কাছে। মৃত্যু কেবল মিথ্যে হোক।

বিষয়:কালিকাপ্রসাদ ভট্টাচার্য শ্রীজাত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…