‘কার্যত দেউলিয়া’ মালয়েশিয়া এয়ারলাইন্স

মালয়েশিয়া এয়ারলাইন্সকে ‘কার্যত দেউলিয়া’ হিসেবে উল্লেখ করে প্রায় ৬ হাজার কর্মী ছাটাইয়ের ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ক্রিস্টোফ মুয়েলার।
গত বছর এমএইচ ৩৭০ এবং এমএইচ ১৭ বিমান দু’টি বিধ্বস্ত হওয়ার পর থেকে মালয়েশিয়া এয়ারলাইন্সের অস্তিত্ব টিকিয়ে রাখতে প্রতিষ্ঠানটিকে জাতীয়করণ করা হয়। তবে নতুন এই ব্যবস্থাপনায় আগের ২০ হাজার কর্মীর মধ্যে ১৪ হাজার কর্মীকে কাজে রাখতে পারবেন বলে জানিয়েছে মালয়েশিয়া এয়ারলাইন্স।
এমন বাস্তবতায় এক সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান তুলে ধরতে গিয়ে প্রধান নির্বাহী মুয়েলার জানান, তারা ‘কার্যত দেউলিয়া’। তবে এই সংকট ২০১৪ সালের দুর্ঘটনা দু’টির বেশ আগে থেকেই শুরু হয়েছিলো বলে মন্তব্য করেন মালয়েশিয়ার বিমান সংস্থার প্রধান নির্বাহী।
এসব প্রতিকূলতা সত্ত্বেও নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে মালয়েশিয়া এয়ারলাইন্স।
গত বছরের মার্চে ২৩৯ জন যাত্রী নিয়ে নিখোঁজ হয়ে যায় মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ-৩৭০। এরপর আর বিমানটির হদিস মেলেনি। এই ধাক্কা সামলে ওঠার আগেই আবারও বড় বিপর্যয়ে পড়ে প্রতিষ্ঠানটি। মার্চ ট্র্যাজেডির ঠিক ৪ মাসের মাথায় ‘অজ্ঞাত মিসাইল’ হামলায় ২৯৮ জন যাত্রী ক্রুসহ ইউক্রেনে বিধ্বস্ত হয় মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ-১৭।
এই বড় দুই বিপর্যয় কাটিয়ে উঠতে পারেনি আগে থেকেই লোকসান গুনতে থাকা মালয়েশিয়া এয়ারলাইন্স। নিরুপায় হয়ে সরকারি অর্থায়নে চলার সিদ্ধান্ত নিতে হয় প্রতিষ্ঠানটিকে। কর্মী ছাটাইয়ের ঘোষণাও আসে এই সূত্র ধরে।



