টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার আসামী আনিসুল ইসলাম রাজা (৪২) কারা হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মিটফোর্ট হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।
মঙ্গলবার রাত দশটার দিকে ঢাকার মিডফোর্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আনিসুল ইসলাম রাজা টাঙ্গাইল শহরের কলেজপাড়া এলাকার আমিনুল ইসলাম মোতালেবের ছেলে।
টাঙ্গাইলের জেল সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, ঢাকার মিটফোর্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রাজা ফারুক হত্যা মামলায় গ্রেপ্তার হওয়ার পর ২০১৪ সালের আগস্ট থেকে টাঙ্গাইল কারাগারে ছিলেন। গত আগস্টের মাঝামাঝি রাজার পেট ফুলে যায়। প্রথমে কারাগারের চিকিৎসক এবং পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে তার চিকিৎসা করানো হয়। জেনারেল হাসপাতালের চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেয়। পরে গত ১৮ আগস্ট তাকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। ওই কারাগারের হেফাজতে তাকে মিডফোর্ট হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
রাজাকে ২০১৪ সালের ১৪ আগস্ট গোয়েন্দা পুলিশ ফারুক আহমেদ হত্যা মামলায় গ্রেপ্তার করে। দুই দফা রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর তিনি এই হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন। তার স্বীকারোক্তিতেই এই হত্যার সাথে তৎকালিন সাংসদ আমানুর রহমান খান ওরফে রানা এবং তার ভাইদের সম্পৃক্ততার বিষয়টি বের হয়ে আসে।
২০১৩ সালের ১৮ জানুয়ারি ফারুক আহমদের গুলিবিদ্ধ লাশ তার কলেজপাড়া এলাকার বাসার কাছ থেকে উদ্ধার করা হয়। ঘটনার তিনদিন পর তার স্ত্রী নাহার আহমেদ বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে হত্যা মামলা দায়ের করেন।







