বাংলাদেশকে প্রথম তিন ম্যাচ টেনেছে তামিম-সাকিবের ব্যাট। চতুর্থ ম্যাচে দুই বাঁহাতি ব্যর্থ হতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল টাইগারদের ব্যাটিং। শ্রীলঙ্কার কাছে ৮২ রানে অলআউট হওয়ার পর প্রশ্ন উঠছে বাকিদের নিবেদন নিয়ে। যার মধ্যে অন্যতম বিজয়, মাহমুদউল্লাহ, নাসির ও সাব্বিরের নাম। মাশরাফীর অবশ্য কারও প্রতিই কোন ‘অভিযোগ’ নেই!
চার ম্যাচে তামিমের ওপেনিং পার্টনার বিজয়ের রান ৫৫ (১৯, ৩৫, ১, ০)। তিনটিতে ব্যাট করা মাহমুদউল্লাহর ৩৩ (২৪, ২, ৭), সাব্বিরের তিন ইনিংসে ৪০ (২৪*, ৬, ১০) আর নাসিরের রান ৫ (০, ২, ৩)!
এখনও ফাইনাল ম্যাচ বাকি বলেই ত্রিদেশীয় সিরিজে ব্যর্থ চার ব্যাটসম্যানকে নিয়ে সমালোচনায় যাচ্ছেন না মাশরাফী। অনুশীলনে শতভাগ নিবেদিত থাকায় তাদের নিয়ে অভিযোগও নেই অধিনায়কের। তবে আক্ষেপ আছে।
‘যেহেতু ফাইনালের আগে, আমার মনে হয় না বিস্তর আলোচনায় যাওয়া উচিত এখন। তাদের উপর কমপ্লেইন করতে পারতাম যদি তারা হার্ডওয়ার্ক ও চেষ্টা না করত। তারা যে চেষ্টাটা করছে, একটা-দুটা ম্যাচে রান না করে ওখান থেকে বের হয়ে আসাটা কঠিন। আজকে হয়তবা তাদের জন্য আরও ভাল কিছু করার সুযোগ ছিল। উইকেটে আরও সময় কাটাতে পারত।’
অভিযোগ না থাকলেও দারুণ একটা সুযোগ যে রান না পাওয়া ব্যাটসম্যানরা হাতছাড়া করেছেন সেটিও মনে করিয়ে দিলেন ম্যাশ।
‘২৪ ওভারে অলআউট হয়েছি। যে সময়টা পেয়েছি, যদি আজকে স্ট্রাইকরেট কমও হতো কেউ প্রশ্ন ওঠাত না। তাদের জন্য একটা ভাল সুযোগ ছিল। যাদের নাম বলেছেন তাদের একজন-দুজন অনেকদিন ধরেই খেলছে, এ ধরণের পরিস্থিতি পার করেছে। কঠিন সময়ে তারা বেরও হয়ে এসেছে। প্রত্যাশা করছি তারা এখান থেকেও বের হেয় আসতে পারবে।’
একদিন পরেই একই প্রতিপক্ষের সঙ্গে ফাইনাল। ফর্মে ফেরার প্রত্যাশা ছাড়া আর কী-ই-বা করতে পারেন মাশরাফী!







