টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পালিমা এলাকায় নদী থেকে কাফনের কাপড়ে জড়ানো অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে কালিহাতী থানা পুলিশ। পুলিশের ধারণা কাফনের কাপড়ে মোড়ানো মৃতদেহটির ইতিপূর্বে ময়না তদন্ত করা হয়ে থাকতে পারে।
এলাকাবাসী জানায়, টাঙ্গাইল-ভূঞাপুর সড়কের কালিহাতী উপজেলার ব্রীজের নীচে পোষনা নদীতে সোমবার সকালে সাদা কাপড়ে মোড়ানো একটি বস্তু দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ সকাল ১০ টার দিকে ঘটনাস্থলে পৌঁছে বস্তুটিকে মৃতদেহ হিসেবে চিহ্নিত করে।
মৃতদেহটি উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মৃতদেহটি এর আগে ময়না তদন্ত করা হয়েছে। তবে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য সেটি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মৃতদেহটিতে কেবল পচন ধরা শুরু হওয়ায় সেটি ২-৩ দিন আগে নদীতে ফেলে যাওয়া হয়েছে বলে ধারণা করছে পুলিশ।






