কানাডার পশ্চিমাঞ্চলে সাসকাচেওয়ান প্রদেশের একটি কিন্ডারগার্টেন স্কুলে বন্দুক হামলায় ৪ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে বেশ কয়েকজন।
হামলায় জড়িত সন্দেহে এক বন্দুকধারীকে আটক করা হয়েছে। মানসিকভাবে হতাশাগ্রস্ত ওই ব্যক্তি হামলাটি চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সে লা লোশ কমিউনিটি স্কুল নামের ওই স্কুল এবং আরেক স্থানে গোলাগুলি করেছে বলে জানিয়েছে পুলিশ।
লা লোশ গ্রামের ভারপ্রাপ্ত মেয়র কেভিন জানভিয়ার জানান, তার ২৩ বছর বয়সী মেয়ে মেরিও গুলিবিদ্ধদের একজন।
তিনি বলেন, পুলিশ তাকে জানিয়েছে, বন্দুকধারী প্রথমে বাসায় নিজের দুই ভাইকে গুলি করে তারপর স্কুলে গিয়ে হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুলের ভেতরে কমপক্ষে ৬ রাউন্ড গুলি এবং আর্তচিৎকারের শব্দ পাওয়া যায়।
স্কুল থেকে শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
তিনি বলেন, স্কুলে বন্দুক হামলা ‘প্রত্যেক বাবা-মায়ের সবচেয়ে বড় দুঃস্বপ্ন’। হামলার কঠোর নিন্দা জানিয়েছেন তিনি।






