এক রাতেই ম্লান হয়ে গেল ফুটবলে মেসি-রোনালদোর অনেক অর্জন। চারটি বিশ্বকাপ খেলেও তাদের বিশ্বকাপ ট্রফি ছোঁয়ার স্বপ্ন পূরণ আর হলো না। অধরা স্বপ্ন ছোঁয়ার মিশনে কি থাকবেন তারা। মেসির ক্ষেত্রে প্রশ্নটা উঠে শনিবার নকআউটের প্রথম ম্যাচের পরই। একই প্রশ্ন রোনালদো ক্ষেত্রেও।
২০২২ সালে কাতার বিশ্বকাপে নিজ দেশের প্রতিনিধিত্ব করবেন রোনালদো? নাকি গ্যালারিতে বসে সাবেক হয়ে উৎসাহ দেবেন পরবর্তী প্রজন্মকে?
৩৩ বছর বয়সে রাশিয়া বিশ্বকাপে খেললেন রিয়াল মাদ্রিদ তারকা সিআর সেভেন। স্বাভাবিকভাবে এটাই রোনালদোর শেষ বিশ্বকাপ হওয়ার কথা। কেন না কাতার বিশ্বকাপে ৩৭ বছর বয়সে পৌঁছাবেন তিনি। তার ফিটনেস ভালো থাকলে কাতার বিশ্বকাপে নিজ দেশের হয়ে মাঠে নামা অসম্ভব কিছু নয় বলে মনে করছেন অনেকে।
কাতার বিশ্বকাপ নিয়ে কী ভাবছেন নন্দিত এই তারকা? এক সাক্ষাতকারে বিশ্বকাপ ট্রফি ছোঁয়ার আকাঙ্খাই ব্যক্ত করেছেন তিনি। কাতারই তার শেষ বিশ্বকাপ হবে বলে জানিয়ে রোনালদো বলেছেন, আমি সেখানে খেললে খুশি হবো। আমি নিশ্চিত কাতারেই আমার শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট হবে।’
ফিটনেস ধরে রাখতে পারলে কাতারে বিশ্বকাপে খেলতেই পারবেন রোনালদো। কেন না ২০২১ সালের জুন পর্যন্ত রিয়ালের সঙ্গে চুক্তিবদ্ধও রয়েছেন এই তারকার। তবে ফুটবলের বিশ্ব আসরে খেলতে হলে তার দুর্দান্ত ফর্মটাও ধরে রাখতে হবে। আর এটাই হতে পারে তার জন্য কঠিন চ্যালেঞ্জ।







