ঠিক হয়ে গেল কাতার বিশ্বকাপের গ্রুপপর্বে প্রতিপক্ষ। শুক্রবার রাতে দোহায় জমকালো অনুষ্ঠানে লটারির মাধ্যমে ড্রয়ে দলগুলোর ভাগ্য নির্ধারণ করেছে ফিফা।
আসছে ২১ নভেম্বর থেকে ফুটবলের মহাযজ্ঞে মেতে উঠবে বিশ্ব। কাতারে ৩২টি দেশের মাঝে চলবে সেরা খুঁজে নেয়ার লড়াই। স্বাগতিক কাতার পড়েছে গ্রুপ এ-তে, সঙ্গী নেদারল্যান্ডস, সেনেগাল, ইকুয়েডর।
গ্রুপ সি-তে লিওনেল মেসির আর্জেন্টিনার সঙ্গী মেক্সিকো, পোল্যান্ড ও সৌদি আরব। গ্রুপ জি-তে নেইমারের ব্রাজিলের সঙ্গে আছে সুইজারল্যান্ড, সার্বিয়া ও ক্যামেরুন। ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল খেলবে গ্রুপ এইচ-এ, এই গ্রুপে উরুগুয়ে, কোরিয়া ও ঘানা পড়েছে।
ড্রয়ে ফিফা আসরের ৩২ দলের মধ্যে পেয়েছে মূলত ২৯টি দেশকে। তিনটি স্থান খালি রয়েছে, সেগুলো নির্ধারিত হবে দুটি আন্তঃমহাদেশীয় প্লে-অফের জয়ী এবং ইউরোপিয়ান প্লে-অফের জয়ী দল নিয়ে।
ইউরোপের বাকি থাকা প্লে-অফের লড়াই স্থগিত আছে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের কারণে। জুনে ইউক্রেন মুখোমুখি হবে স্কটল্যান্ডের, জয়ী দল বিশ্বকাপের মূল পর্বে খেলার চূড়ান্ত লড়াইয়ে নামবে গ্যারেথ বেলের ওয়েলসের।
দুয়ারে কড়া নাড়তে থাকা বৈশ্বিক আসরটি এখন ক্ষণগণনার টেবিলে। লড়াই মাঠে গড়াতে বাকি ২৩৪ দিন। গ্রুপপর্বের খেলা শুরু ২১ নভেম্বর, চলবে ২ ডিসেম্বর পর্যন্ত। শেষ ষোলোর খেলা গড়াবে ৩ থেকে ৬ ডিসেম্বর। কোয়ার্টার ফাইনালের চারটি খেলা হবে ৯ ও ১০ ডিসেম্বর।
এরপর সেমিফাইনাল হবে ১৩ ও ১৪ ডিসেম্বর। সেমিতে বাদ পড়া দল তৃতীয় স্থান নির্ধারণীতে লড়বে ১৭ ডিসেম্বর। একদিন পর ১৮ ডিসেম্বর মিলবে সেরার দেখা, মিলবে মুকুট।
এক নজরে দেখে নেয়া যাক কে কোন গ্রুপে
গ্রুপ এ: কাতার, নেদারল্যান্ডস, সেনেগাল, ইকুয়েডর
গ্রুপ বি: ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ইরান, (প্লে-অফ)
গ্রুপ সি: আর্জেন্টিনা, মেক্সিকো, পোল্যান্ড, সৌদি আরব
গ্রুপ ডি: ফ্রান্স, ডেনমার্ক, তিউনিশিয়া, (প্লে-অফ)
গ্রুপ ই: স্পেন, জার্মানি, জাপান, (প্লে-অফ)
গ্রুপ এফ: বেলজিয়াম, ক্রোয়েশিয়া, মরক্কো, কানাডা
গ্রুপ জি: ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া, ক্যামেরুন
গ্রুপ এইচ: পর্তুগাল, উরুগুয়ে, কোরিয়া, ঘানা







