গেলো বছর বাংলাদেশের বিপক্ষের সিরিজে অনেক চেষ্টার পরও মুস্তাফিজের ‘কাটার’ রহস্য পড়তে পারেনি ভারত। তাইতো স্বাগতিকদের কাছে সিরিজ হেরে দেশে ফিরেছিল তারা।
শুধু ভারত সিরিজেই নয়, অভিষেক হওয়ার পর থেকেই প্রতিটি সিরিজে নিজের সফলতা আদায় করেছেন এই বিস্ময় বালক মুস্তাফিজ।
বুধবার এশিয়া কাপে নিজেদের হোম গ্রাউন্ডে টাইগারদের বিপক্ষে কেমন প্রস্তুতি নিয়েছে টিম ইন্ডিয়া সেটা জানাতেই মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে প্রেস কনফারেন্সে হাজির হন ভারতীয় টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি।
প্রথম ম্যাচে ইনজুরি থাকায় কুল ধোনিকে দলে পাচ্ছে না ভারতীয়রা। নানা বিষয়ে আলোচনার শেষের দিকে স্বাভাবিকভাবেই মুস্তাফিজ প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়।
কোহলি বলেন ‘গত বছর থেকেই মুস্তাফিজ অসাধারণ বল করছে। টি-টুয়েন্টি ফরম্যাটে তার স্লোয়ার ডেলিভারিগুলো দুর্দান্ত হয়।’
তিনি বলেন, ‘বাংলাদেশের মতো কন্ডিশনে একজন পেসার যদি ৪-৫ উইকেট নিয়ে ব্যাটসম্যানদের বিপাকে ফেলতে পারে, তখনই খেলাটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠে।
বিরাট কোহলি বলেন, ‘মুস্তাফিজের মধ্যে আলাদা এক ধরনের স্কিল আছে। আমাদের সেভাবেই প্রস্তুতি নিতে হবে, তাকে সামলানোর জন্য ভিন্ন যা কিছু করার করতে হবে।’
গত বছরে ঢাকার মাঠে মুস্তাফিজ ভীতি স্মৃতিচারণ করে কোহলি বলেন, ‘১৪০ কি.মি.-এর কাছকাছির গতির সঙ্গে স্লোয়ার বল করছিল মুস্তাফিজ। আমাদের জন্য এটা ছিলো ভিন্ন এক অভিজ্ঞতা।’
মুস্তাফিজের মতো বোলারের বিপক্ষে ব্যাটিং করাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিরাট কোহলি।
তিনি বলেন, ‘এমন বোলারের বিপক্ষে ব্যাটসম্যানদের চ্যালেঞ্জ থাকে। তবে এই চ্যালেঞ্জের মাধ্যমে ব্যাটসম্যানদের ব্যাটিং আরও বিকশিত করা সম্ভব।’
তিনি বলেন, ‘মুস্তাফিজের মতো বোলাররা ক্রিকেটের জন্য দারুণ গুরুত্বপূর্ণ। এমন কিছু বোলার থাকা জরুরি যারা ব্যাটসম্যানদের বিপাকে ফেলতে পারে।’







